কাশিমপুর কারাগারে দুই বন্দির মারামারি, জখম ১

আপডেট : ১৩ জুন ২০১৬, ২১:২৯
 
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে এক বন্দি অপর এক বন্দিকে মেরে জখম করেছে। সোমবার বিকালে কাশিপুর কারাগার পার্ট-২ তে এ ঘটনা ঘটে।
 
আহত ওই বন্দির নাম হাফিজুর রহমান ভুট্টো (২১)। তার পিতার নাম জালাল উদ্দিন। তাকে গাজীপুরে শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
 
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর জেলার নাশির আহমেদ জানান, বিকালে কারাগারের বন্দিরা কারাগারের অভ্যন্তরে মাঠে খেলাধুলা ও হাটাচলা করেন। এর এক পর্যায়ে রুবেল নামের এক বন্দি  হাফিজুর রহমান ভুট্টো নামের অপর এক বন্দির উপর হঠাত্ চড়াও হয়। এক পর্যায়ে বন্দি রুবেল অপর বন্দি হাফিজুর রহমান ভুট্টোর গালে ব্লেড জাতীয় ধারালো কোন বস্তু দিয়ে আঘাত করে। পরে তাকে রক্তাক্ত অবস্থায় গাজীপুরে শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে পূর্ব বিরোধ থাকতে পারে বলে ওই কর্মকর্তার ধারণা।
 
গাজীপুরে শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিত্সক আব্দুল্লাহ আল মামুন জানান, বিকাল সাড়ে পাঁচটার দিকে কাশিমপুর কারাগার থেকে হাফিজুর রহমান ভুট্টো নামে এক বন্দিকে চিকিত্সার জন্য আনা হয়। তার ডান ও বাম গালে প্রায় তিন ইঞ্চি লম্বা রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে। তাকে প্রাথমিক চিকিত্সা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
এদিকে আহত বন্দি ভুট্টো হাসপাতালে সাংবাদিকদের জানান, ওই কারাগারের কয়েদী জাহিদ তাকে অন্য কয়েদী দিয়ে মারধর করিয়েছে।