পদ্মায় বালু উত্তোলন হুমকিতে পুলিশ একাডেমি ও ক্যাডেট কলেজ

আপডেট : ১৪ জুন ২০১৬, ০৪:৩০
রাজশাহীর চারঘাটে পদ্মা নদী থেকে দীর্ঘদিন বালু উত্তোলন বন্ধ থাকার পরে প্রশাসনকে ম্যানেজ করে আবারো শুরু হয়েছে অবৈধ বালু উত্তোলন। ফলে রাজশাহী ক্যাডেট কলেজ ও বাংলাদেশ পুলিশ একাডেমি হুমকিতে রয়েছে। বালু উত্তোলনের কারণে নদীর পাড়ে ভাঙন দেখা দিয়েছে। ফলে নদী উত্তর দিকে সরে আসছে।
 
এর আগে সারদা ও রাজশাহী ক্যাডেট কলেজ কর্তৃপক্ষ পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনসহ সরকারের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেয়। এর ফলে স্থানীয় প্রশাসন একাধিকবার অভিযান চালিয়ে বালু উত্তোলন বন্ধ করে। কিন্তু কিছুদিন পর আবারো শুরু হয়েছে বালু উত্তোলন।
 
এলাকাবাসী জানায়, সরকারি নিয়ম-নীতির তোয়াক্কা না করে রাজশাহীর চারঘাটে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় নদীর তীরবর্তী কয়েকটি গ্রামসহ চারঘাটের গর্ব রাজশাহী ক্যাডেট কলেজ, সারদা পুলিশ একাডেমি, বিডিআর ক্যাম্পসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা হুমকিতে পড়েছে। স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে একটি মহল আবারো মোক্তারপুরের পদ্মা থেকে বালু উত্তোলন অব্যাহত রেখেছে।
 
নাম প্রকাশে অনিচ্ছুক মোক্তারপুর এলাকার একাধিক ব্যক্তি বলেন, বালু উত্তোলন বন্ধে একাধিকবার স্বরাষ্ট্র সচিব, রাজশাহীর জেলা প্রশাসক, পুলিশ সুপার ও চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করেও প্রতিকার পায়নি এলাকাবাসী। তারা বলেন, পদ্মা থেকে বালু উত্তোলনের জন্য বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন। কিন্তু চারঘাট উপজেলায় প্রভাবশালীরা বালু উত্তোলন করে।
 
এক পর্যায়ে এলাকাবাসীর দাবির মুখে সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.ন.ম. বজলুর রশিদ পদ্মা থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং মোক্তারপুর বালু ঘাটে নোটিসও টাঙিয়ে দেন। কিছুদিন পরই নোটিস উধাও হয়ে যায়। এরপর প্রথমে মামুন ট্রেডার্স এবং পরে এক নং ওয়ার্ড আ.লীগের সভাপতি আনোয়ার আলী, সাধারণ সম্পাদক আহসান হাবিবসহ অনেকেই বালু উত্তোলন করছেন। কিন্তু স্থানীয় প্রশাসন এসব অবৈধ বালু উত্তোলনে জড়িতদের চিহ্নিত করলেও রহস্যজনক কারণে আইনগত ব্যবস্থা নিচ্ছে না।
 
এদিকে চারঘাট উপজেলা আ.লীগের সভাপতি আনোয়ার হোসেন বলেন, আমি বালু উত্তোলন করি না, নেতৃত্বও দেই না। যারা বালু উত্তোলন করছে, তারা ডিসি অফিস থেকে অনুমতি নিয়েই করছে বলে জানি। এর বেশি কিছু বলতে পারবো না।