নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

আপডেট : ১৪ জুন ২০১৬, ১০:৩৫
জেলার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের নবনির্বাচিত  ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ বাবুলের বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাসী ও হামলার অভিযোগে মামলা হয়েছে।
 
সোমবার নাজিরপুর বাজারের ব্যবসায়ী মাহবুবুর রহমান বাদী হয়ে বাবুলসহ সাতজনের বিরুদ্ধে মামলাটি করেন।
 
মামলা সূত্রে জানা গেছে, আব্দুল কদ্দুছ বাবুল ইউপি নির্বাচনের কিছুদিন আগে নাজিরপুর বাজারের ব্যবসায়ী মাহবুবুর রহমানের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেয়ায় তাকে নানাভাবে হুমকি প্রদান করা হয়। হুমকির মুখে তিনি কিছুদিন আত্মগোপনে থাকেন। নির্বাচনের পর ১৯ মে তিনি ব্যবসার মালামাল কিনতে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হলে পথে বাবুলের লোকজন তার উপর অতর্কিতে হামলা চালিয়ে তাকে আহত করে। এ সময় তার কাছ থেকে তিন লাখ টাকা নিয়ে যায়।  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে তিনি সুস্থ হন। সুস্থ হয়ে তিনি সোমবার মামলাটি করেন। 
 
চেয়ারম্যান আব্দুল কদ্দুছ বাবুল বলেন, ‘আমি বিদ্রোহী প্রার্থী হিসেবে জয়ী হওয়ায় হয়রানি করার উদ্দেশ্যে এ ‘মিথ্যা মামলা’ করা হয়েছে।’
 
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, ‘মামলা রেকর্ড করা হয়েছে এবং  মামলার অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে।’