বাগমারায় সেচ্ছাসেবক দলের সভাপতিকে গলা কেটে হত্যা

আপডেট : ১৪ জুন ২০১৬, ১১:০৫
রাজশাহী বাগমারা উপজেলায় সেচ্ছাসেবক দলের হামিরকুৎসা ইউনিয়ন সভাপতি আলতাফ (৩৮)  হোসেনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আলতাফ হোসেন হামিরকুৎসা ইউনিয়নের আলোকনগর শাহাপাড়া গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে। জানা গেছে, এছাড়া তিনি স্বর্ণসহ বিভিন্ন ব্যবসায় সম্পৃক্ত ছিলেন।
 
পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় আলতাফ হোসেন হামিরকুৎসা বাজারে তার স্বর্ণের দোকানে ইফতার করেন। রাত সাড়ে আটটার পর থেকে পরিবারের সদস্যরা তার মোবাইল ফোনটি বন্ধ পায়। এরপর বাড়ির লোকজন খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান পায়নি। মঙ্গলবার সকালে পাড়ার লোকজন বাড়ির কাছে পুকুরের ধারে তার জবাই করা লাশ দেখতে পায়। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার পুঠিয়া সার্কেল আসলাম আহম্মেদ ঘটনারস্থলে ছুটে যান।
 
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, ‘লাশ উদ্ধার ও মর্গে পাঠানোর কাজ চলছে। এছাড়া আমরা হত্যার মোটিভ উদ্ধারে গোপন তদন্ত শুরু করেছি।’