খুলনার ডুমুরিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এরা হলেন, শিমুল হোসেন (৩২) ও সবুজ আহমেদ (৩০)। এ ঘটনায় আহত কিশোরীসহ নয়জন খুলনা মেডিকেল কলেজ হাসপতালে চিকিৎসাধীন রয়েছে।
মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের কাঞ্চনপুর পোড়াবাড়ি নামক স্থানে এ হতাহতের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, একটি মাইক্রোবাসে করে হেলথ কেয়ার ফার্মাসিটিক্যালস নামক একটি ওষুধ কোম্পানির কয়েকজন কর্মচারী সাতক্ষীরার উদ্দেশে যাচ্ছিলেন। উপজেলার ওই মহাসড়কের কাঞ্চনপুর পোড়াবাড়ি নামক স্থানে পৌঁছালে চালক মাইক্রোবাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় মাইক্রোবাসটি পার্শ্ববর্তী রুস্তম আলীর বাড়ির ভিতর ঢুকে যায়। এতে মাইক্রোবাস যাত্রী শিমুল হোসেন (৩২) ও সবুজ আহমেদ (৩০) নিহত হন। এ সময় রুস্তম আলীর কিশোরী মেয়ে মুসলিমা খাতুন (১৪) এবং ওষুধ কোম্পানির কর্মচারী নূর সালাম, শহীদুল ইসলাম, আলী আকবার, সুমন হোসেন, উৎসব নন্দী, মিল্টন হোসেন, ইরফান আলী ও হামিদুল ইসলামসহ নয়জন আহত হয়। আহতদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।
চুকনগর হাইওয়ে পুলিশের এসআই শাকুর আহমেদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
