জয়পুরহাট জেলার কালাই পৌরসভার চারটি ওয়ার্ডের ভোট আগামী ১৯ জুন পুনরায় গণনার নির্দেশ দিয়েছেন জেলা নির্বাচনী ট্রাইব্যুনাল ও প্রথম জেলা জজ আদালত। জাল ভোট, কারচুপি ও অনিয়মের অভিযোগে নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে দায়ের করা মামলায় গত রবিবার ওই আদালতের বিচারক জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ রায় প্রদান করেন।
আদালত সূত্র জানায়, মামলার বাদী-বিবাদী ও উভয়পক্ষের আইনজীবীর উপস্থিতিতে আদালতে আগামী ১৯ জুন ওই ভোট গণনা করা হবে মর্মে রায়ে উল্লেখ করা হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ৩০ ডিসেম্বর কালাই পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। জাল ভোট ও কারচুপির অভিযোগ এনে ভোট পুনরায় গণনার দাবিতে ১ নং ওয়ার্ডের আমিরুল ইসলাম, ২ নং ওয়ার্ডের দাদে এলাহী এবং সংরক্ষিত ১ নং ওয়ার্ডের অকিনা বেগম ও ৩ নং ওয়ার্ডের জান্নাতি বেগম পৃথক মামলা দায়ের করেন। মামলা গুলোর বাদী পক্ষের আইনজীবী মিজানুর রহমান সওদাগর বলেন, আদালত বাদী-বিবাদীর আরজি ও জবাব পর্যালোচনা করে উক্ত আদেশ প্রদান করেছেন। ১ নং ওয়ার্ডের বিজয়ী প্রার্থী মামুনুর রশিদ জিয়া’র আইনজীবী আব্দুস সালাম তরফদার বলেন, এ আদেশের বিরুদ্ধে তাঁরা উচ্চ আদালতে আপিল করবেন।
