দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের ভাটিপাড়া গ্রামে জলমহালের মালিকানা নিয়ে দু-পক্ষের সংঘর্ষে আনোয়র কাজী (৬৫) নিহত হয়েছে। সে গ্রামের মৃত আব্দুল আউয়াল কাজীর ছেলে। গত বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ভাটিপাড়া ইউপি চেয়ারম্যান শাহজাহান কাজী ও তার আপন চাচাত ভাই ইউনিয়ন যুবলীগের সভাপতি সানোয়ার কাজীর লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে ইছাবরের কান্দার (ডোবা) জলমহাল দখল করতে গেলে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই আনোয়ার কাজী নিহত এবং স্বাধীন কাজী, সানোয়ার কাজী, রুহুল আমিন কাজী, হিরো কাজী ও পাকুল কাজীসহ উভয়পক্ষের ১৫ জন লোক আহত হয়েছে।
এলাকাবাসী ও পুলিশসূত্রে জানা যায়, উপজেলা আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান শাহজাহান কাজী এবং ইউনিয়ন যুবলীগের সভাপতি সানোয়ার কাজীর মধ্যে তাদের পূর্বপুরুষদের কাছ থেকে পাওয়া ছোট একটি জলমহালের মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে কয়েকবার এলাকার গণ্যমান্য লোকজন নিয়ে সালিশ বৈঠক অনুষ্ঠিত হলেও উভয়পক্ষই তা মানেনি। ঘটনার দিন সকালে নিজ বাড়িতে এনিয়ে উভয়পক্ষ লোকজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষের ঘটনায় সানোয়ার কাজীর বড় ভাই আনোয়র কাজী (৬৫) নিহত ও উভয়পক্ষের ১৫ জন লোক আহত হয়েছে।
এ ঘটনায় পুলিশ ২ জনকে গ্রেপ্তার করেছে। তারা হলেন বসির মিয়া (৪০), বাছিত মিয়া (৪৫)।
