মাধবপুরে জোড়া খুনের ঘটনায় আটক ৬

আপডেট : ১৪ জুন ২০১৬, ১৭:৫৪
 
মাধবপুরের খড়কী গ্রামে জোড়া খুনের ঘটনায় পুলিশ এ পর্যন্ত ছয়জনকে আটক করেছে। তারা হলেন— নারায়ণপুর গ্রামের আব্দুল বাশার (৪২), ইব্রাহিম মিয়া (৩৫), বরগ গ্রামের তোরাব আলীর ছেলে সঞ্জব আলী (২৮), খাটুরা গ্রামের হুকুম আলী (৪৫), জহিরুল হক (৩০) ও খড়কি গ্রামের শিবচরণ রবিদাসের পুত্র রিপন রবিদাস (২২)।
 
মাধবপুর থানার ওসি (তদন্ত) কে এম আজমিরুজ্জামান জানান, এখন পর্যন্ত কোনো পক্ষ থানায়  লিখিত অভিযোগ করেনি। আটককৃতরা জোড়া খুনের ঘটনায় সৃষ্ট সংঘর্ষে সম্পৃক্ত রয়েছে।
 

গত শুক্রবার খড়কী গ্রামে ফসলি জমির পাহারাদার নিয়োগকে কেন্দ্র করে বিজয়ী ইউপি সদস্য মোনায়েম খা ও পরাজিত ইউপি সদস আব্দুল হাই’র মধ্যে বাকবিতণ্ডা হয়। খবর পেয়ে তাদের পক্ষের নারী পুরুষ দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে দুদলে  বিভক্ত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ২০জন  আহত হলে গুরুতর আহত খড়কী গ্রামের আলফু মিয়ার ছেলে ফারুক মিয়া (৩০) চিকিত্সাধীন অবস্থায় মারা যান। পরদিন একই গ্রামের বিধবা মিরাশী বেগমের (৮০)  মৃত্যু হয়। পরিস্থিতি শান্ত রাখতে খড়কী গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।