পাবনায় সেবক হত্যা: শিবির নেতা আরিফুল রিমান্ডে

আপডেট : ১৪ জুন ২০১৬, ১৮:৩০
 
পাবনার হিমাইতপুরে ঠাকুর অনুকুল চন্দ্র সত্সঙ্গ আশ্রমের সেবক নিত্যরঞ্জন পাণ্ডে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আটক শিবির নেতা আরিফুল ইসলামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
 
মামলার তদন্তকারী কর্মকর্তা পাবনা সদর থানার পরিদর্শক (তদন্ত) মুন্সী আবু কুদ্দুস জানান, মঙ্গলবার দুপুরে আটক আরিফুলকে পাবনা আমলী আদালত-১ এ হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন জানানো হয়। আদালতের বিচারক মো. নাজিমুদ্দৌলা শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ নিয়ে চাঞ্চল্যকর এ হত্যা মামলায় আটক দুইজনকেই আলাদাভাবে ৫ দিনের রিমান্ডে নিলো পুলিশ। এর আগে সোমবার একই আদালত আবুল হাশেম নামের এক সন্দেহভাজন আসামীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
 
গত শনিবার রাতে পাবনা সদর উপজেলার বাজিতপুর এলাকা থেকে হত্যায় জড়িত সন্দেহে পাবনা শহর শিবিরের সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক আরিফুল ইসলামকে আটক করে পুলিশ।
 

প্রসঙ্গত, গত শুক্রবার ভোরে প্রাতঃভ্রমনে বের হওয়ার পর পাবনার হিমাইতপুরে ঠাকুর অনুকুল চন্দ্র সত্সঙ্গ আশ্রমের সেবক নিত্যরঞ্জন পান্ডে (৬২) কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।