যশোরে বিদ্যুত্স্পৃষ্টে ভাই বোনের মৃত্যু

আপডেট : ১৪ জুন ২০১৬, ২০:৫৭
 
টিনের ঘর বিদ্যুতায়িত হয়ে যশোরে ভাই বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় যশোর সদর উপজেলার সিরাজসিংহা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন সিরাজসিংহা গ্রামের আকবর বিশ্বাসের ছেলে তোরাব বিশ্বাস (৪০) ও মেয়ে সাবিনা (৩৫)। তাদের লাশ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
 
নিহতের স্বজন রেকসোনা বেগম জানান, বাড়ির টিনের ঘরে উপর দিয়ে বিদ্যুতের তার রয়েছে। ওই তার টিনের সংস্পর্শে এসে ঘর বিদ্যুতায়িত হয়ে পড়ে। আর ঘরের মধ্যে টাঙানো কাপড় শুকানোর কারণে তারও বিদ্যুতায়িত হয়। মঙ্গলবার সন্ধ্যায় গোছল শেষে ওই তারে কাপড় শুকাতে দিতে যান তোরাব বিশ্বাস। তিনি বিদ্যুতস্পৃষ্ট হলে তাকে বাঁচাতে গিয়ে বোন সাবিনাও বিদ্যুতায়িত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে আনার পথে মারা যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিত্সক আবদুর রশিদ জানান, স্বজনরা দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনলে মর্গে পাঠানো হয়।