জেলায় সিদ্ধিরগঞ্জের গোদনাইলে সুফিয়া বেগম নামে এক বৃদ্ধার বাড়ি দখল করে সেখানে আওয়ামী লীগের অফিস বানানোর অভিযোগ উঠেছে। স্থানীয় আওয়ামী লীগের নামধারী একদল সন্ত্রাসী গত সোমবার ওই বাড়ির একটি কক্ষ দখল করে সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের ছবি সাঁটিয়ে দেয়া হয়। তবে ওই বৃদ্ধা নারী এ ঘটনার প্রতিবাদে ও তার বাড়ি ছেড়ে দেয়ার দাবিতে সোমবার সকাল থেকে ঘরে বসে অনশন পালন করছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জে গোদনাইল এনায়েতনগর এলাকার নিরণ সরকারের স্ত্রী বৃদ্ধা সুফিয়া বেগমের মালিকানাধীন একটি কক্ষ স্থানীয় যুবলীগ নেতা প্রসুন ১০ হাজার টাকা অগ্রিম দিয়ে ভাড়া নেয়। সেই সময় চায়ের দোকান করার কথা থাকলেও পরে আওয়ামী লীগের অফিস বানানোর উদ্যোগ নেয় প্রসুন ও তার অনুসারীরা। বিষয়টি জানতে পেরে অগ্রিম নেওয়া ১০ হাজার টাকা প্রসুনের কাছে ফেরত দেয় সুফিয়া বেগম। এরপরও স্থানীয় আওয়ামী লীগ নেতা মোবারক হোসেন প্রধান, যুবলীগ নেতা মমিনুল ইসলাম প্রসুন, সুলতান মাহমুদসহ ১০-১২ জন আওয়ামী লীগ ও যুবলীগ নেতা-কর্মীরা সুফিয়া বেগমের বাড়ির ওই কক্ষটি জোরপূর্বক দখল করে সেখানে আওয়ামী লীগের অফিস বানানোর কাজ শুরু করে।
এ ব্যাপারে স্থানীয় আওয়ামী লীগ নেতা মোবারক হোসেনের ছেলে যুবলীগ নেতা মমিনুল আলম প্রসুন জানান, গত কয়েকদিন আগে তিনি বৃদ্ধা সুফিয়ার বাড়ির একটি কক্ষ ভাড়া নিয়েছিলেন চায়ের দোকান ঘর করতে; কিন্তু আওয়ামী লীগের অফিস বানানো হবে জেনে সুফিয়া আমার ১০ হাজার টাকা ফেরত দিয়ে যায়। গোদনাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারী অগ্রিম টাকা ফেরত দেয়ার বিষয়টি স্বীকার করে জানান, ওই আওয়ামী লীগের অফিসটি আমি সমর্থন করি না। তাদেরকে বলেছি বাড়ির মালিক যেহেতু ভাড়া দিবে না সেহেতু জোর করে ওখানে কিছু না করার জন্য। তাছাড়া সংসদ সদস্য শামীম ওসমানও এসব পছন্দ করেন না।
সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান জানান, এ ঘটনা আমার জানা নেই, তারপরও যদি কেউ জোর করে আওয়ামী লীগের নাম ব্যবহার করে কারো বাড়ি দখল করে অফিস নির্মাণ করে থাকে, তাহলে সেটা গুরুতর অপরাধ।
