নির্বাচন পূর্ব সহিংসতার মামলা

বিএনপির ৩৮ নেতাকর্মী জেলহাজতে

আপডেট : ১৫ জুন ২০১৬, ০৯:৫৮
 
নেত্রকোনা সদর উপজেলার আমতলা ইউনিয়নে নির্বাচন পূর্ব সহিংসতার ঘটনা সংক্রান্ত দ্রুত বিচার আইনে দায়েরকৃত মামলায় বিএনপির ৬১ জন নেতাকর্মী মঙ্গলবার বিকালে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানায়। বিজ্ঞ বিচারক ৩৮ জন আসামির জামিন আবেদন না মঞ্জুর করে তাদেরকে জেলহাজতে পাঠান। বাকিদের তিনি জামিন দেন।
    
মামলার সংক্ষিপ্ত বিবরণীতে প্রকাশ, নেত্রকোনা সদর উপজেলার আমতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলতাবুর রহমানের পিটুয়া গ্রামের  নির্বাচনী ক্যাম্পে বিএনপি মনোনীত প্রার্থী শফিউল্লাহর কর্মী সমর্থকরা গত ২৮ মে  দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হামলা চালায়। তারা নির্বাচনী ক্যাম্প ভাংচুর ও আগুন ধরিয়ে দেয়।  এ ঘটনায় আওয়ামী লীগ প্রার্থী আলতাবুর রহমান বাদী হয়ে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের ৬১ জন নেতাকর্মীকে আসামি করে ২৯ মে রাতে নেত্রকোনা মডেল থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে বিএনপির ৬১ জন নেতাকর্মী গতকাল মঙ্গলবার দুপুরে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করে। বিজ্ঞ বিচারক আলমগীর কবীর শিপন মামলার ২৩ জন আসামির জামিন মঞ্জুর করলেও বাকি ৩৮ জন আসামির জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। 
 
তাদের মধ্যে সদর উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক ওয়াজেদ আলী বেপারী, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি মো. দুলাল মিয়া, সাধারণ সম্পাদক আয়নাল হক, পুনরায় নির্বাচিত দুই ইউনিয়ন পরিষদ সদস্য সাইদুর রহমান ও সুরুজ আলী রয়েছেন।  
  
উল্লেখ্য, ৪ জুন অনুষ্ঠিত এই ইউনিয়নে ইউপি নির্বাচনে বিএনপির প্রার্থী শফিউল্লাহ চেয়ারম্যান নির্বাচিত হন।