পাবনায় পদ্মার চরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রুবেল হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি এএসআই সুজাউল ইসলাম হত্যায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। বুধবার ভোররাতে হার্ডিঞ্জ সেতুর পশ্চিম পাশে পদ্মার চরে এই এই ঘটনা ঘটে।
নিহত রুবেল হোসেন ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের দিয়ারবাঘইল গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
ঈশ্বরদী থানার ওসি বিমান কুমার দাশ বলছেন, পাকশী পুলিশ ফাঁড়ির এটিএসআই সুজাউল হত্যকান্ডের প্রধান আসমিকে মঙ্গলবার বিকালে বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এরপর তার সহযোগী ইব্রাহিমকে ধরতে রুবেল সঙ্গে নিয়েই অভিযান চালায়। ভোরের দিকে পদ্মার চরে গেলে সেখানে অবস্থান নিয়ে থাকা রুবেলের সহযোগীদের সঙ্গে পুলিশের গোলাগুলি হয়। সে সময় গুলিবিদ্ধ হয়ে রুবেল মারা যায়।
ওসি বলছেন, ঘটনাস্থল থেকে একটি রিভলবার ও দুটি গুলি উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় পাকশী থানার এসআইসহ তিন পুলিশ আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গত বছরের ৪ অক্টোবর বের হওয়ার পর নিখোঁজ হন পাকশী পুলিশ ফাঁড়ির এটিএসআই সুজাউল ইসলাম। পরদিন সকালে নর্থ বেঙ্গল পেপার মিলের পেছনের একটি জঙ্গলে হাত-পা-মুখ বাঁধা অবস্থায় তার লাশ পাওয়া যায়।
