বান্দরবানে অনির্দিষ্টকালের সড়ক ও নৌপথ অবরোধ

আপডেট : ১৫ জুন ২০১৬, ১১:৪৫
বান্দরবান জেলা শহরে সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি চলছে। প্রসঙ্গত, জেলা সদর উপজেলায় সাবেক ইউপি মেম্বার মং প্রু মার্মাকে অপহরণের প্রতিবাদে  মঙ্গলবার জেলা আওয়ামী লীগ অনির্দিষ্টকালের এ কর্মসূচির ডাক দেয়।
 
বুধবার সকাল থেকে অভ্যন্তরীণ ও দূর পাল্লার কোনো পরিবহন চলাচল করতে দেখা যায়নি। সাঙ্গু নদীর নৌঘাট থেকেও কোনো নৌযান ছেড়ে যায়নি। যে কারণে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছে।
 
জানা গেছে, আওয়ামী লীগ নেতা-কর্মীরা সকাল থেকে শহরের ট্রাফিক মোড়, হিলবার্ড মোড়, বাসস্টেশন, ক্যায়ং মোড়সহ প্রধান সড়কগুলোতে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করে। তবে ব্যবসা প্রতিষ্ঠান ও অফিস আদালত খোলা রয়েছে। অবরোধকে কেন্দ্র করে শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ লক্ষ্য করা গেছে।
 
উল্লেখ্য, সোমবার গভীর রাতে জেলার রাজবিলা ইউনিয়নের জামছড়ি মুখ পাড়ার নিজ বাসা থেকে সদর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মং প্রু মারমা অপহৃত হন। এ ঘটনায় জেলা আওয়ামী লীগ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে (জেএসএস) দায়ী করেছে। জেএসএসের কয়েকজন শীর্ষ নেতাসহ ৩৫ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।