গাজীপুরে বন্ধুকে হত্যার দায়ে দুই যুবককে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।
বুধবার সকালে গাজীপুরের জেলা ও দায়রা জজ একেএম এনামুল হক জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, কালিয়াকৈর উপজেলার ছোট লতিফপুর এলাকার মো. রিয়াজ উদ্দিন ওরফে মো. পারভেজ (২৩) ও একই এলাকার মো. অমিত হাসান (২১)
গাজীপুর আদালতের পিপি অ্যাডভেকেট হারিজ উদ্দিন আহমেদ জানান, ২০১৫ সালের ২৬ সেপ্টেম্বর ওই এলাকার মো. নূরুল ইসলাম নবী ছেলে মাসুদকে (২০) বাড়িতে একা রেখে জেলার কালীগঞ্জ উপজেলায় তার মেয়ের বাড়িতে বেড়াতে যান। ওই দিন রাত আড়াইটার দিকে তিনি খবর পান তাস খেলাকে কেন্দ্র করে তার ছেলে মাসুদ দুই বন্ধু মো. পারভেজ ও অমিত হাসানের উপর্যুপুরি কাঁচির আঘাত গুরুতর জখম হন। পরে তিনি জানতে পারেন তার ছেলে হাসপাতালে মারা গেছে। পর দিন ২৭ সেপ্টেম্বর সকালে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি তার ছেলের মরদেহ দেখতে পান। ঘটনার রাতেই এলাকাবাসীর সহায়তায় পুলিশ মো. পারভেজ ও অমিত হাসানকে আটক করে।
ঘটনার পরের দিন নিহতের বাবা মো. নুরুল ইসলাম নবী বাদী হয়ে ওই দুইজনকে আসামি করে হত্যা মামলা করেন।
তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা ওই বছরের ৩০ নভেম্বর ওই দুইজনকে অভিযুক্ত করে আদালতে চার্জসিট দাখিল করেন। চলতি বছরের ৫ এপ্রিল আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জ গঠন করা হয়। আদালত ১০ জনের সাক্ষ্য গ্রহণ করে।
রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন পিপি অ্যাডভেকেট হারিজ উদ্দিন। আসামি পক্ষে ছিলেন মো. মজিবুর রহমান।
