পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় পাথর বোঝাই দুইটি ট্রাকের ভার বইতে না পেরে একটি বেইলি ব্রিজ ধসে পড়েছে। এতে ঘটনাস্থলেই সাতক্ষীরার শ্যামনগর এলাকার বাসিন্দা ট্রাকের হেলপার মো. আসাদুল ইসলাম (২৫) নিহত হয়েছেন।
বুধবার ভোর সাড়ে ছয়টার দিকে মঠবাড়িয়া-চরখালী সড়কের গুদিঘাটা নামক স্থানে এ ঘটনা ঘটে।
ব্রিজটি ধসের কারণে মঠবাড়িয়া, পিরোজপুর, বরিশাল ও খুলনাসহ অন্তত ১৫টি রুটের বাস চলাচল বন্ধ রয়েছে।
স্থানীয়রা জানায়, ঘটনার পর খবর পেয়ে মঠবাড়িয়া, বরিশাল ও পিরোজপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা চালায়। এ সময় বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরি দল আটকে পড়া হেলপারকে মৃত অবস্থায় ট্রাকের ভিতর থেকে উদ্ধার করে।
বরিশাল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আলাউদ্দিন বলেন, ‘বেইলি ব্রিজটি অত্যন্ত নাজুক অবস্থায় ছিল। এমন অবস্থায় অতিরিক্ত পাথর বোঝাই দুইটি ট্রাক একসঙ্গে ব্রিজটি পার হতে গেলে এ দুর্ঘটনা ঘটে।’
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ওসি জানান, হেলপার আসাদুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
