গাজীপুরে অজ্ঞাত এক যুবকের (১৮) লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুরে নগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় নির্মাণাধীন ৫তলা ভবনের একটি ছাদ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকায় রোজিনা বেগমের নির্মাণাধীন একটি পাঁচতলা ভবনের ছাদে ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী জয়দেবপুর থানায় খবর দেয়। পরে পুলিশ দুপুর ১ টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
এ ব্যাপারে জয়দেবপুর থানার এসআই সৈয়দ আবুল হাশেম জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে শরীরে বিষের দুর্গন্ধ রয়েছে। সে বিষপানে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।
