দুই লাখ টাকার জাল নোটসহ আটক ১

আপডেট : ১৫ জুন ২০১৬, ২০:১৭
পঞ্চগড়ের দেবীগঞ্জে উপজেলার কালীগঞ্জ বাজার থেকে প্রায় দুই লাখ টাকার জাল নোটসহ চিত্ত রঞ্জন  (৩৫) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-১৩।
 
বুধবার সকাল ১১টার দিকে জেলার দেবীগঞ্জ উপজেলার কালীগঞ্জ বাজারের একটি  প্রেস থেকে তাকে আটক করা হয়।  চিত্তরঞ্জন সুন্দরদিঘি ইউনিয়নের প্রেমবাজার এলাকার বিশ্বনাথের ছেলে।
 
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩ অভিযান চালিয়ে দেবীগঞ্জ উপজেলার কালীগঞ্জ বাজারের চিত্তরঞ্জন প্রেসের মালিক চিত্ত রঞ্জনকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১৮৮টি এক হাজার টাকার নোট ৬৪টি পাঁচশত টাকার নোটসহ মোট ২ লাখ ২০ হাজার টাকার জাল নোট উদ্ধার করে। এ সময় র‌্যাব-১৩ তার ব্যবহৃত একটি ডিজিটাল প্রিন্টার, একটি কম্পিউটার এবং একটি মোটরসাইকেল জব্দ করে।
 
র‌্যাব-১৩ এর অপারেশন কমান্ডার এসি মাহমুদুল হাসান জানান, চিত্তরঞ্জন দীর্ঘদিন থেকে জালনোট তৈরি ও ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে।