ঈদ ফ্যাশনে পাঞ্জাবি ছেলেদের পছন্দের শীর্ষে। তাইতো দামের দিক থেকে পাঞ্জাবির বাজার সবসময়ই চড়া। বরাবরের মতো দেশীয় বুটিক হাউজগুলো ঈদকে ঘিরে বাজারে এনেছে নানা রঙ, ডিজাইন, ও কাপড়ের ভিন্নতায় বাহারি পাঞ্জাবি। গতকাল বধবার ঈদ বাজার ঘুরে দেখা যায়, ছেলেদের পাঞ্জাবির বাজার একটু চড়া। শপিংমলগুলোতে পাঞ্জাবির দোকানেও নারীদের বিচরণ লক্ষণীয়। বসুন্ধরার ‘দেশীদশে’ পাঞ্জািব কিনতে আসা ইউনিভার্সিটির শিক্ষার্থী সুরাইয়া মিথুন বলেন, আমি আমার হবু বরের জন্য পাঞ্জাবি কিনতে এসেছি। তিনি শেরওয়ানি কাটের গর্জিয়াস পাঞ্জাবি খুঁজছেন। পছন্দসই পাঞ্জাবি তখনও পাননি বলে জানান। তের বছরের পুত্রকে নিয়ে পাঞ্জাবি কিনতে এসেছেন নাফসা সুলতানা। তিনি বলেন, স্বামী ও পরিবারের অন্যদের জন্য পাঞ্জাবি কিনতে হবে ৫ থেকে ৬টা। দামের সঙ্গে সামঞ্জস্য রেখে সুন্দর কালারফুল পাঞ্জাবি কিনতে হবে।
যুগের সঙ্গে তাল মিলিয়ে পাঞ্জাবির কাট, ডিজাইন, কালারে এসেছে পরিবর্তন। ফ্যাশন হাউসগুলো নতুন ও নিরীক্ষাধর্মী কাজের মাধ্যমে এনেছে আকর্ষণীয় ডিজাইনের পাঞ্জাবি। ফেব্রিকের বৈচিত্র্য, রঙের ব্যবহার, কাট ও প্যাটার্নের পরীক্ষা-নিরীক্ষা এবং অলংকরণের কৌশল পাঞ্জাবিকে ধর্মীয় পোশাকের পাশাপাশি করে তুলেছে হাল ফ্যাশনের পোশাকে। ছেলেদের পাঞ্জাবির বিশাল কালেকশন রয়েছে দেশীয় বুটিক হাউজ বাংলার মেলা, প্রবর্তনা, আড়ং, নিপুণ, ড্রেসিডেল, কে-ক্রাফ্ট, অঞ্জন্স্, বিবিয়ানা, নিপুন, গ্রামীণ চেক, ওজি, রঙ, নাগরদোলা, দেশাল, মেঘ, স্বপ্নবাজ, নিত্য উপহার ইত্যাদি।
খাটো ঝুল, সেমি লং কিংবা লং পাঞ্জাবির ফ্যাশন চলছে এ বছরও। তবে সেমি লং গাঢ় রংয়ের পাঞ্জাবির প্রতি আগ্রহ বেশি তরুণদের। শেরওয়ানি কলারের মধ্যে সুতোর কাজ ও বুকে সুতার কাজের ভিতরে কাঠের ও ষ্টোনের বোতাম চলছে বেশি। এপ্লিক, বাটিক, ব্লক, পেইন্ট, এমব্রয়ডারি, সুতার কাজসহ সবধরনের কাজকরা পাঞ্জাবিই চলছে বেশি। আর তরুণদের আগ্রহের কথা বিবেচনায় রেখে দেশীয় ফ্যাশন হাউসগুলো তাদের পাঞ্জাবির কালেকশন বাজারে এনেছে।
শেরওয়ানি গলার পাঞ্জাবিগুলোই বেশি চলছে। ষ্টোন, সুতা, কাঠ, ধাতুসহ বিভিন্ন উপকরণে তৈরি বোতাম ব্যবহার করা হয়েছে এসব পাঞ্জাবিতে। ছেলেদের সব পোশাকের ডিজাইনেই প্রাধান্য পেয়েছে প্রকৃতি ঘনিষ্ঠ মোটিফ। কিছু পাঞ্জাবিতে রয়েছে মেয়েদের পোশাকের মতো চুমকি, পুতি ও জরির সুতোর কাজ। এছাড়া স্ট্রাইপ ও চেক তাঁতের কাপড়ের প্লেইন ও প্রিন্টের পাঞ্জাবিও রয়েছে। এবার ঈদ গরমে হওয়ায় পাঞ্জাবির কাপড় যাতে আরামদায়ক হয় সেদিকে বিশেষ লক্ষ্য রাখা হয়েছে বলে জানান, বুটিক হাউসের কর্ণধাররা। তারা জানান, বুটিক হাউসগুলোতে ৯৫০ টাকা থেকে ৩৫ হাজার টাকায় পাঞ্জাবি পাওয়া যাচ্ছে। শিশুদের পাঞ্জাবি পাওয়া যাচ্ছে ৩৫০ টাকা থেকে ৪২০০ টাকার মধ্যে। তরুণদের পাঞ্জাবি পাওয়া যাচ্ছে ৭৫০ টাকা থেকে ৩৫ হাজার টাকায়। এবার ঈদে সব ফ্যাশন হাউসই পাঞ্জাবিতে এনেছে সুতি, সিল্ক, হাফসিল্ক, এন্ডি সিল্ক কাপড়ে এমব্রয়ডারি, স্ক্রিন প্রিন্ট ও হাতের কাজের নতুনত্ব।
