সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই খুন হয়েছে। এরা উপজেলার ক্ষুদ্র ব্যবসায়ী দুলাল হোসেনের ছেলে।
নিহতের বাবা জানান, বুধবার রাতে বড় ভাই সাকিল (১৮) ও ছোট ভাই সোহাগের (১৬) মধ্যে ১০ টাকার লেনদেন নিয়ে বাক্বিতণ্ডা হয়। এর আগের দিন সোহাগ বড় ভাই সাকিলের মোবাইল ফোনটি ভেঙ্গে ফেলে। বাক্বিতণ্ডায় এ সংক্রান্ত বিষয়গুলো উঠে আসলে তৎক্ষণাৎ দুই ভাইয়ের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করে। এক পর্যায়ে বড় ভাই সাকিল ছোট ভাইয়ের গলায় দা দিয়ে কোপ দেয়। গুরুতর অবস্থায় তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ সাকিলকে আটক করেছে।
তিনি আরো জানান, তারা দুজনই মাদকাসক্ত।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কৌশিক আহমেদ বলেন, ‘মূলত মাদকই এই হত্যাকাণ্ডের কারণ।’
তিনি জানান, ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
