কুমারখালিতে নিখোঁজের এক বছর পর ব্যবসায়ীর কঙ্কাল উদ্ধার

আপডেট : ১৬ জুন ২০১৬, ১৮:১৯
কুষ্টিয়ার কুমারখালি উপজেলায় নিখোঁজের এক বছর পর নিজ ইটভাটার পাশ থেকে ব্যবসায়ী মিরাজুল হকের (৪৬) কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। মিরাজুল হক ওরফে মিরাজ (৪৬) উপজেলার চাঁপড়া ইউনিয়নের লাহিনীপাড়ার মৃত আবদুল গণির ছেলে।
 
পুলিশ জানায়, বুধবার রাতে কুষ্টিয়ার কুমারখালি থানা পুলিশ গ্রেফতার আসামির স্বীকারোক্তি অনুযায়ী উপজেলার জয়নাবাদ গ্রামে গড়াই নদীর তীরে গড়ে ওঠা গড়াই ব্রিকসের পাশ থেকে মাটি খুঁড়ে মিরাজের কঙ্কাল উদ্ধার করা হয়।
 
কুমারখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, ‘ধারণা করা হচ্ছে এসব হাড় নিখোঁজ মিরাজের। প্রয়োজনে এগুলো ল্যাবে পাঠিয়ে ডিএনএ টেস্টের মাধ্যমে নিশ্চিত হতে হবে।’
 
উল্লেখ্য, ২০১৫ সালের ৪ জুন নিজ ব্যবসায়ী প্রতিষ্ঠান গড়াই ব্রিকস থেকে বাড়ি ফেরার পথে ব্যবসায়ী মিরাজ নিখোঁজ হলে তার ভাই বাদী হয়ে স্থানীয় থানায় মামলা করেন।