র ফি কু ল ই স লা ম
এই প্রজন্মের অভিনেতাদের মধ্যে তৌসিফ মাহবুব দর্শকের কাছে প্রিয় একটি নাম। নির্মাতারাও তাকে নিয়ে নাটক নির্মাণে বেশ আগ্রহ প্রকাশ করেন। তৌসিফ মাহবুবের খুব ভালো একজন বন্ধু সাফা কবির। এই সময়ে এসে তার সহজাত অভিনয় দিয়ে দর্শকদের কাছে দারুণ প্রিয় হয়ে উঠেছেন। শুধু দর্শকের ভালোলাগার কথা বিবেচনা করে নির্মাতাদেরও সাফাকে নিয়ে কাজের আগ্রহ বাড়ছে। দুই বন্ধু তৌসিফ ও সাফা এরইমধ্যে বেশ কিছু ভালো ভালো নাটকও দর্শকদের উপহার দিয়েছেন। তৌসিফ ও সাফা আগামী পহেলা বৈশাখের জন্য মেহেদী হাসান জনি ও মিফতাহান আনানের নির্দেশনায় দুটি নাটকের কাজ শেষ করেছেন। কিছুদিনের মধ্যে ইমরাউল রাফাত ও মেহেদী হাসান জনির আরও দুটি নাটকে অভিনয় করবেন তারা। সাফা কবিরের সঙ্গে কাজ করা প্রসঙ্গে তৌসিফ মাহবুব বলেন, ‘সত্যি বলতে কী সাফা তো আমার খুব ভালো একজন বন্ধু। সে তার কাজের প্রতি, পেশার প্রতি দারুণ আন্তরিক। যেহেতু আমাদের মধ্যে কাজের বোঝাপড়াটা দারুণ, তাই যেকোন কাজই আমরা আমাদের সর্বোচ্চটা দিয়েই করে থাকি। একজন মানুষ হিসেবেও সাফা খুব ভালো মনের একজন মানুষ। সে আমার বন্ধু, এটা আমার গর্ব।’ সাফা কবির বলেন, ‘তৌসিফ আমার বন্ধু, এটা সত্যি। তবে তার আগে যেটা সত্যি সেটা হলো তৌসিফকে আমার পরিবারেরই একজন হিসেবে ভাবি। যে কারণে তার সঙ্গে কাজ করতে গেলে সব কাজই অনেক ভালো হয়। তাই আমরা একসঙ্গে যে কাজ করি, বলা যায়, সবগুলো কাজই দর্শকদের কাছে বেশ উপভোগ্য হয়ে ওঠে। দর্শকের প্রতি কৃতজ্ঞতা আমাদের কাজগুলো দেখার জন্য এবং রেসপন্সের জন্য।’ তৌসিফ ও সাফা অভিনীত উল্লেখ্যযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘প্র্যাকটিক্যাল জোক’, ‘ভালোবাসার হাত ধরে’, ‘পতাকা’, ‘সোলমেট’, ‘মিলুর সাইকেল’ ইত্যাদি।
