চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার শিয়ালমারী গ্রাম থেকে ফেনসিডিলসহ তিন নারীকে আটক করেছে বিজিবি ।
এ সময় ওই তিন নারীর শরীরে বিশেষ ব্যবস্থায় বহন করা ফেনসিডিল উদ্ধার করা হয়। আটককৃত নারী মাদক ব্যবসায়ীরা হলেন- যশোর সদরের সিতারামপুর গ্রামের মরিয়ম খাতুন (৪০), পারভীন আক্তার (৩৫) ও নাছরিন আক্তার (২৮)।
জীবননগর উপজেলার উথলী বিশেষ ক্যাম্পের বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে শিয়ালমারী থেকে তাদের আটক করে। পরে তাদের শরীর তল্লাসি করে অভিনব কায়দায় সেট করা ১১৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল মোহাম্মদ আমির মজিদ ফেনসিডিলসহ তিন নারী মাদক ব্যবসায়ী আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
