জাপানে বাবাকে চপস্টিক দিয়ে হত্যার দায়ে বৃহস্পতিবার পুত্রকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, দেশটির পশ্চিমাঞ্চলে ওসাকায় বুধবার রাতে পারিবারিক ঝগড়ার এক পর্যায়ে উত্তেজিত হয়ে ছেলে মিশিকাজু ইকেউচি (৫১) রান্না করার ৩০ সেন্টিমিটার দীর্ঘ কাঠের চপস্টিক দিয়ে তার ৮০ বছর বয়সী বৃদ্ধ বাবাকে আঘাত করলে তিনি প্রাণ হারান।
ওসাকার এক পুলিশ কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘ইকেউচি আমাদের বলেছেন যে, তিনি তার বাবা-মার মধ্যে ঝগড়া থামানোর চেষ্টা করছিলেন। হত্যার করার উদ্দেশ্যে তিনি তার বাবাকে আঘাত করেননি। ওই কর্মকর্তা আরো বলেন, ইকেউচি আরো জানিয়েছেন রাগের মাথায় তিনি বাবার সামনে চপস্টিক নাড়ান। কিন্তু তিনি জানতেন না যে এটি তার বাবাকে আঘাত করবে।’
বাবাকে আঘাত করার পর ইকুয়েউচি অ্যাম্বুল্যান্সে খবর দেন। তিনি তার বাবা, মা ও ভাইয়ের পরিবারের সঙ্গে বাস করেন। এএফপি।
