মেহেরপুরে পৌর মেয়রকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি

আপডেট : ১৬ জুন ২০১৬, ১৮:১১
মেহেরপুর পৌর মেয়র মোতাছিম বিল্লাহ মতুকে কাপনের কাপড় ও চিরকুট পাঠিয়ে হত্যার হুমকি দেয়া হয়েছে।
 
বৃহস্পতিবার দুপুরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই হুমকি বার্তা পাঠানো হয়। 
 
রাজধানীর ধানমন্ডি এলাকার ঝিগাতলা থেকে রনি নামে এক ব্যক্তি এই কাপনের কাপড় ও চিরকুট পাঠিয়েছেন। সেখানে প্রেরকের ১২ ডিজিটের গ্রামীনফোনের একটি মোবাইল নম্বর দেওয়া হয়েছে। নম্বরটি হলো ০১৭১২৪৪৭৯৮৯২। খামের ভিতরে একটি সাদা কাফন ও একটি চিরকুট ছিল। চিরকুটে লেখা রয়েছে, ‘মতু তোমায় ছালাম, হে মেহেরপুরের মেয়র, আগামী রোজা তোমার জীবনের শেষ ঈদ। ঐদিন ঈদগাহতে তোমাকে মেরে ফেলে হবে। আর ঐদিনই ঈদগাহ মাঠে জানাজা হবে। উপরে গিয়ে মেয়র গিরি করবা। কোন নিরাপত্তা পুলিশ দিতে পারবে না।  সেই ব্যবস্থা আমরা করবো। এমপিকে টাকা দিয়েছো তা তোমার কোন কাজে লাগবে না। তোমার কাউন্সিলাররা আমাদের সঙ্গে জড়িত।  তুমি কোথায় যাবা কাফনের কাপড় পাঠিয়ে দিলাম। সালাম হে মেয়র তোমায়।  আমাদের কার্যক্রম শেষ তোমার লোকজন ঈদগায়ে মারবে। শেষ ইবাদত করে নাও। এসপি পুলিশ তোমার নিরাপত্তা দিতে পারবে না।  তুমি বাড়িতে পুলিশ বসাও । তো কি হবে। মৃত্যু তোমার আসবে। তো দেখতে থাকো।  সাংবাদিক সম্মেলন করে বদনাম দাও।  তো অপেক্ষায় থাকো।  আমরাও থাকি। দেখা হবে ঐদিন ঈদগাহে।’
 
এ ব্যাপারে মোতাছিমবিল্লাহ মতু বলেন, সকালে ঢাকা থেকে অফিসে এসেই সুন্দরবন কুরিয়ার খাম খুলে কাফনের কাপড় ও হুমকির চিঠি পায়। মেহেরপুর পুলিশ সুপারকে বিষয়টি জানানো হয়েছে।  মেহেরপুর সদর থানায় ডয়েরি করা হয়েছে।
 
এদিকে মেহেরপুর পুলিশ সুপার হামিদুল আলম বলেন, হুমকির বিষয়টি জেনেছি। তদন্ত করে হুমকির বিষয়ে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।