তা হ মি না মি লি
১৭ বছর বয়সী স্টেলা সিস্টিক ফিব্রোসিসে আক্রান্ত। অসুস্থতার কারণে তাকে বেশির ভাগ সময় হাসপাতালে কাটাতে হয়। রুটিনে বাঁধা তার জীবন। অনেক সীমাবদ্ধতার মধ্যে তাকে চলতে হয়। নিজেকে নানাভাবে দমন করে রাখতে হয়। এভাবেই স্টেলার জীবনটা কাটছিল ধরাবাঁধা নিয়মের মধ্যে। একঘেয়েমির কারণে হাঁপিয়ে উঠলেও তার করার কিছুই ছিল না। কিন্তু তাকে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হলো, যখন সে তারই মতো এক রোগে আক্রান্ত সুদর্শন প্রাণবন্ত এক তরুণ উইলের দেখা পেল। উইলকে কাছে পেয়ে উচ্ছ্বাস আর আবেগের জোয়ারে ভেসে যেতে মন চাইল তার। যদিও তাদের দুজনেরই অনেক কিছু করতে বাধা রয়েছে। উভয়ে যতই কাছাকাছি আসতে উদগ্রীব, ততই নানা ধরনের সীমাবদ্ধতা, নিষেধাজ্ঞা তাদের বিপর্যস্ত করে তুলল। চিকিত্সকদের পরামর্শ ও নির্দেশনা অনুযায়ী তাদের দুজনকেই পরস্পরের কাছ থেকে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে হচ্ছে। কিন্তু বিভিন্ন ধরনের নিষেধ সত্ত্বেও স্টেলা উইলের কাছাকাছি চলে আসতে অস্থির হয়ে ওঠে। একজনের প্রতি আরেকজন ভালোবাসার চিরন্তন আকর্ষণ এড়িয়ে থাকবে কিভাবে—এমন হূদয় ছোঁয়া প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে হলিউডি সিনেমা ‘ফাইভ ফিট অ্যাপার্ট’। যা মুক্তি পেয়েছে সম্প্রতি। চমত্কার প্রেমের গল্পের কারণে ছবিটি দর্শকপ্রিয়তা লাভ করেছে এরমধ্যেই। ‘ফাইভ ফিট অ্যাপার্ট’ ছবির নায়িকা স্টেলা চরিত্রটি রূপায়ণ করেছেন হ্যালি লু রিচার্ডসন। ২৪ বছর বয়সী সুন্দরী তন্বী অভিনেত্রী হ্যালি লু ছবিটির কারণে দর্শকমনে বেশ নাড়া দিতে সক্ষম হয়েছেন। তাকে এর আগে ‘দ্য এজ অব সেভেনটিন’ ছবিতে ক্রিস্টা চরিত্রে দেখেছেন দর্শক। এছাড়াও ‘স্প্লিট’ ছবিতেও তার চমত্কার অভিনয় দর্শকদের হূদয়ে দোলা দিয়েছে। এ ছবিতে ক্লেয়ার বেল্ট চরিত্রে অভিনয় করেছিলেন হ্যালি। হলিউডে অভিনেত্রী হিসেবে নাম লেখানোর আগে মঞ্চ নাটক ও নাচের প্রতিযোগিতায় অংশগ্রহণের মধ্যে তার কর্মকাণ্ড সীমাবদ্ধ ছিল। ২০০১ থেকে ২০১১ সাল পর্যন্ত ক্যান্নিডি ড্যান্স কোম্পানিতে প্রধান নৃত্যশিল্পী হিসেবে ছিলেন তিনি। অ্যারিজোনার ফোনিস্কে তার জন্ম। তার মা ছিলেন মার্কেটিং ও ব্র্যান্ডিং জগতের মানুষ। আর বাবা, একজন গলফ কোর্স আর্কিটেক্ট। ২০১৩ সালে এবিসির ফ্যামিলি সিরিজ ‘র্যাভেনউড’-এ টেস চরিত্রে অভিনয়ের মাধ্যমে তার ছোট পর্দায় বিচরণ শুরু হয়েছিল। ডিজনি চ্যানেলের ‘শেক ইট আপ’-এ দেখা গেছে তাকে। এছাড়াও ‘অ্যাওকার্ড’, ‘ল অ্যান্ড অর্ডার :স্পেশাল ভিকটিম ইউনিট’, ‘ইউর ফ্যামিলি অব মাইন’, ‘রিকভারি রোড’ প্রভৃতি সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে ছোট পর্দায় আলাদা পরিচিতি পান হ্যালি লু রিচার্ডসন। বড় পর্দায়, তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘দ্য লাস্ট সারভাইভারস’, ‘দ্য ইয়াং কিয়েসলোস্কি’, ‘দ্য ব্রোঞ্জ’, ‘দ্য এজ অব সেভেনটিন’, ‘স্প্লিট’, ‘কলম্বাস’, ‘সাপোর্ট দ্য গার্লস’, ‘অপারেশন ফাইনাল’, ‘দ্য চ্যাপারওয়ান’ প্রভৃতি। সব ধরনের সিনেমায় কাজ করার ব্যাপারে আলাদা আগ্রহ রয়েছে। ফলে দর্শক তাকে এ পর্যন্ত বিচিত্র ধরনের রোলে দুর্দান্ত অভিনয় করতে দেখেছেন। এবার ‘ফাইভ ফিট অ্যাপার্ট’ ছবিতে সিস্টিক ফাইব্রোসিস রোগে আক্রান্ত তরুণী স্টেলা চরিত্রে তার অনবদ্য অভিনয় নতুনভাবে আলোচনায় নিয়ে যাচ্ছে তাকে।
