প্রভাবশালীদের দখলে চৌমুহনীর খাল

আপডেট : ১৭ জুন ২০১৬, ০১:২৫
বাণিজ্যিক শহর চৌমুহনীর ওপর দিয়ে প্রবাহিত দেড় শতাধিক ফুট চওড়া খাল এখন প্রভাবশালীদের দখলে। জবরদখলকারীরা অবৈধ স্থাপনা নির্মাণ ও ময়লা আবর্জনা ফেলায় চওড়া খালটি নালায় পরিণত হয়েছে। এতে পানি নিষ্কাশন বন্ধ হয়ে পরিবেশে বিরুপ প্রভাব পড়ছে। জবর দখলকারীদের উচ্ছেদে জেলা প্রশাসন উদ্যোগ নিলেও স্থানীয় প্রশাসন এদের বৈধতা দেওয়ার জন্য ভূমির প্রকৃতিগত শ্রেণি পরিবর্তন দেখিয়ে বন্দোবস্ত দেয়ার ব্যবস্থা করছে বলে জানা গেছে।
 
জানা যায়, চৌমুহনীর সাথে একদা চাঁদপুর, নারায়ণগঞ্জ, ভৈরবসহ দেশের বিভিন্ন নদীবন্দরের সরাসরি নৌ যোগাযোগ ছিল। বেশ কয়েক বছর ধরে জবর দখলকারীরা সংশ্লিষ্ট দপ্তরের অসাধু ব্যক্তিদের সহযোগিতায় বড়পোল থেকে দক্ষিণ ও উত্তর দিকে এবং চৌমুহনী-ফেনী খালের পূর্ব দিকে ময়লা আবর্জনা ফেলে ভরাট করে রাতারাতি ঘর তুলে। পরবর্তীতে পাকা ঘর এমনকি বহুতল ভবনও নির্মাণ করে। জেলা প্রশাসন থেকে এসব অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে একাধিকবার উদ্যোগ নিলেও সংশ্লিষ্ট দপ্তরের অসহযোগিতায় তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। ফলে জবরদখলকারীরা দিন দিন তাদের আওতা বৃদ্ধি করে চলেছে। এতে বর্তমানে দেড় শতাধিক ফুট চওড়া খালটি নালায় পরিণত হয়েছে।
 
এ ব্যাপারে চৌমুহনী ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা জানান, জেলা প্রশাসনের নির্দেশে মাপজোঁক করে প্রতিবেদন দেওয়া হয়েছে। তবে আমরা বন্দোবস্তর জন্য কারো আবেদন গ্রহণ করছি না। বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর দপ্তরের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, ভূমির শ্রেণি পরিবর্তন হওয়ায় বন্দোবস্ত দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।