পঞ্চগড় প্রতিনিধি
‘সম্ভাবনায় জাগি নিজে, জাগাই সবার প্রাণ’—শ্লোগান নিয়ে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, পঞ্চগড় জেলা সংসদের পঞ্চম সম্মেলন সম্প্রতি পঞ্চগড় মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন সম্মেলনের উদ্বোধন করেন। সম্মেলনের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন জাতীয় পতাকা ও জেলা সংসদের সভাপতি শফিকুল ইসলাম উদীচীর পতাকা উত্তোলন করেন। আলোচনা সভায় উদীচী কেন্দ্রীয় সংসদের প্রচার ও তথ্য সম্পাদক কংকন নাগ, কেন্দ্রীয় সংসদের সদস্য আনান বাউল, পঞ্চগড় সরকারি মহিলা কলেজের অর্থনীতি বিভাগের প্রধান হাসনুর রশিদ বাবু, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আবু তোয়াবুর রহমান, জেলা নাট্য সমিতির সভাপতি মিজানুর রহমান বাবলু, নাট্যদল ভূমিজ-এর নাট্য নির্দেশক সরকার হায়দার, বোদা উপজেলা সংসদের পক্ষে আবুল হোসেন শিলন, দেবীগঞ্জ উপজেলা সংসদের হাসান আলী প্রমুখ বক্তব্য রাখেন।
সম্মেলনে দ্বিতীয় পর্বে কাউন্সিল অধিবেশেনে বার্ষিক রিপোর্ট পেশ করেন জেলা সংসদের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মুকুল। রিপোর্টের ওপর আলোচনায় অংশ নেন সদস্যরা। কাউন্সিলে সর্বসম্মতিক্রমে মো. শফিকুল ইসলামকে সভাপতি ও গোলাম কিবরিয়া মুকুলকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট উদীচীর নতুন কমিটি ঘোষণা করা হয়।
সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্র মুক্তমঞ্চ চত্ত্বর থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে আবার সেখানে গিয়ে শেষ হয়। সন্ধ্যায় গণসঙ্গীত ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
