এবার সরাসরি ভিডিও সম্প্রচারের সেবা টুইটারে

আপডেট : ১৭ জুন ২০১৬, ১৩:৩৭
প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর 'পেরিস্কোপ লাইভ ভিডিও' বাটনটি সবার জন্য উন্মুক্ত করেছে ক্ষুদে ব্লগ লেখার সাইট টুইটার। এই বাটন ব্যবহার করে ফলোয়ারদের উদ্দেশে রিয়েল-টাইম ভিডিও সম্প্রচার করতে পারবেন টুইটার ব্যবহারকারীরা। অ্যান্ড্রয়েড ও আইওএস চালিত স্মার্টফোনে ব্যবহৃত টুইটার অ্যাপে এই সুবিধা পাওয়া যাবে।
 
অন্যান্য সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে লাইভস্ট্রিমিং সেবা থাকলেও এতো দিন পর্যন্ত তা ছিলো না টুইটারে। এই অভাব পূরণ করতে গত বছর লাইভ ভিডিও স্ট্রিমিং অ্যাপ পেরিস্কোপ অধিগ্রহণ করে সংশ্লিষ্টরা। এই অ্যাপকে কাজে লাগিয়ে এবার রিয়েল-টাইম ভিডিও সম্প্রচার সেবা যুক্ত হলো টুইটারে।
 
বৃহস্পতিবার এক টুইটে এই তথ্য জানিয়েছে টুইটার কর্তৃপক্ষ। ওই টুইটে বলা হয়েছে, 'লাইভে যেতে প্রস্তুত তো? এখন থেকে অ্যান্ড্রয়েড ও আইওএস চালিত স্মার্টফোনে ব্যবহৃত টুইটার অ্যাপে নতুন এক বাটন পাওয়া যাবে, যা পেরিস্কোপ বাটনের মাধ্যমে সহজে ভিডিও সম্প্রচারের সেবা দেবে।'
 
কিভাবে অ্যান্ড্রয়েড ও আইওএস চালিত স্মার্টফোনে ব্যবহৃত টুইটার অ্যাপ থেকে লাইভ স্ট্রিমিং সেবা পাওয়া যাবে? নতুন কোনো টুইটের শুরুতে পেরিস্কোপ বাটনের অধীনে 'লাইভ' নামে আরেকটি বাটন পাওয়া যাবে। এখানে ক্লিক করে লাইভ স্ট্রিমিং সেবা পাওয়া যাবে। সূত্র- অ্যানগ্যাজেট ও অ্যান্ড্রয়েড পুলিশ।