নওগাঁ জেলার আত্রাই ও রানীনগর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে দুই জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে। সাম্প্রতিক সন্ত্রাস ও জঙ্গি তৎপরতা বৃদ্ধি রোধে এবং দেশের সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশে ৮ দিনব্যাপী যে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে তারই অংশ হিসেবে ২৪ ঘণ্টায় তাদেরকে গ্রেফতার করা হয়।
জানা যায়, আত্রাই থানার পুলিশ বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তালিকাভুক্ত জেএমবি সদস্য উপজেলার মধু গুড়নই গ্রামের মো. কায়কোবাদকে (৫৬) গ্রেফতার করেছে। তিনি ওই গ্রামের মৃত আব্দুল্লাহর ছেলে।
অপরদিকে ওই রাতে রানীনগর থানা পুলিশ পৃথক এক অভিযান চালিয়ে উপজেলার লোহাচুড়া গ্রাম থেকে জেএমবি সদস্য মো. হিসাব শেখকে (৫০) গ্রেফতার করেছে। তিনি ওই গ্রামের মৃত মহির শেখের ছেলে। পুলিশ তার কাছ থেকে ২টি ককটেল ও একটি রামদা উদ্ধার করেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জেলার আত্রাই ও রানীনগর থানায় বিভিন্ন সন্ত্রাসী ও নাশকতামূলক মামলা রয়েছে। --বাসস
