মো. আমিরুজ্জামান
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
নীলফামারীর সৈয়দপুরে সরকারি কারিগরি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ মার্চ সকালে প্রতিষ্ঠানের মাঠে এ উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নেয় ও নাচ-গানে মনোরম সাংস্কৃতিক পরিবেশনায় দর্শক মাতায় শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারী জেলা প্রশাসক নাজিয়া শিরিণ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম গোলাম কিবরিয়া ও কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুস সালাম। এতে সভাপতিত্ব করেন শিক্ষা প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ড. আমির আলী আজাদ। ক্রীড়া প্রতিযোগিতায় ৫৬টি ইভেন্টে দুই শতাধিক শিক্ষার্থী ও ক্রীড়াবিদ অংশগ্রহণ করে। অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের স্কুল শাখার শিক্ষার্থী ফাতেমাতুজ্জোহরা বৃষ্টি অলিম্পিক মর্শাল প্রজ্জ্বলন করে। সে ওই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। অনুষ্ঠানের ফাঁকে চলে দেশ ও মাটি নিয়ে নাচ ও গান পরিবেশন। যেমন খুশি তেমন সাজোতে অংশ নেয় শিক্ষার্থীরা। পরে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক ইসমত জেরিন।
