দিনাজপুরের ফুলবাড়িতে ডাকাত দলের সঙ্গে পুলিশের গোলাগুলিতে সাইফুল মোল্লা (৪৫) নামে ডাকাত সর্দার গুলিবিদ্ধ হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তিন পুলিশ সদস্য। গুলিবিদ্ধ ডাকাত সর্দার সাইফুল মোল্লা উপজেলার কাজিহাল ইউনিয়নের আদমপুর গ্রামের শরিমুদ্দিন মোল্লার ছেলে। তার বিরুদ্ধে ফুলবাড়িসহ বিভিন্ন থানায় ৮১টি ডাকাতি মামলা রয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটায় উপজেলার চিন্তামন-আটপুকুরহাট সড়কের জাঙ্গাল ব্রীজ নামক স্থানে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ সাইফুল মোল্লাকে মুমূর্ষু অবস্থায় রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের অর্থ সার্জারি বিভাগের ৩১নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
আহত পুলিশ সদস্যরা হলেন- এসআই আক্কেল আলী, এএসআই শামীম মন্ডল ও কনস্টেবল মিজানুর রহমান। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, ডাকাত সর্দার সাইফুল মোল্লাকে ঢাকা থেকে আটক করে বৃহস্পতিবার সন্ধ্যায় ফুলবাড়ি থানায় আনা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী ডাকাতির মালামাল উদ্ধারের জন্য রাত দেড়টায় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোকছেদ আলীর নেতৃত্বে পুলিশের একটি দল সাইফুল মোল্লাকে নিয়ে তার আদমপুর গ্রামের বাড়িতে অভিযান চালায়। পরে পুলিশ দল থানার দিকে ফেরার পথে উপজেলার চিন্তামন-আটপুকুরহাট সড়কের জাঙ্গাল ব্রীজ নামক স্থানে সাইফুল মোল্লার সহযোগীরা পুলিশের ওপর গুলি বর্ষণসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে সাইফুল মোল্লা ডান পায়ে গুলিবিদ্ধ হয় এবং ডাকাতদের হামলায় উল্লেখিত তিনজন পুলিশ সদস্য আহত হন। পুলিশের তীব্র প্রতিরোধের মুখে ডাকাতরা পালিয়ে গেলে সেখান থেকে ছোড়া, রাম দাসহ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোকছেদ আলী বলেন, গত শনিবার (১১জুন) দিবাগত রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর ছোটভাই এবং সাবেক উপজেলা যুবলীগ সভাপতি খাজা মঈনুদ্দিনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। আটক সাইফুল মোল্লাকে নিয়ে তার নিজ বাড়ি থেকে ডাকাতির লুট হওয়া টাকার মধ্যে দুই হাজার টাকা উদ্ধার করে থানার ফিরছিলাম। ওই সময় তার সহযোগীরা পুলিশের ওপর গুলিবর্ষণসহ হামলা চালায়। পুলিশের প্রতিরোধের মুখে তার সহযোগীরা পালিয়ে যায়। সাইফুল মোল্লার বিরুদ্ধে ফুলবাড়ি থানায় ৮টি, বিরামপুর থানায় ২টিসহ মোট ৮১টি ডাকাতি মামলা রয়েছে।
কাজিহাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানিক রতন বলেন, সাইফুল মোল্লা একজন কুখ্যাত ডাকাত। তিনি দীর্ঘদিন থেকে ঢাকায় অবস্থান করলেও রাতে এসে উপজেলার বিভিন্ন স্থানে ডাকাতিসহ মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটাতো। গত রমজান মাসে তার বাড়ি থেকে ছিনতাই হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
