কোয়ার্টার ফাইনালে মুখোমুখি শেখ জামাল-আরামবাগ

আপডেট : ১৭ জুন ২০১৬, ১৬:৩৫
ফেডারেশন কাপের প্রথম কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং আরামবাগ ক্রীড়া চক্র। শুক্রবার বিকাল পৌনে ৪টায় মুখোমুখি হচ্ছে দুই দল।
 
আরামবাগের কোচ সাইফুল বারী টিটু অতি আত্মবিশ্বাসী হতে নারাজ- ‘যেহেতু এটি একটি নক আউট ম্যাচ তাই এর ধারা ভিন্ন। এখানে ভুল করার অবকাশ কম।’
 
প্রতিপক্ষ সম্পর্কে কোচ আরও বলেন, ‘জামাল ভালো দল, তাদের রয়েছে ওয়েডসন এনসেলমে ও ল্যান্ডিং ডারবোর মতো ভালো বিদেশি খেলোয়াড়। আর জাতীয় ও সাবেক জাতীয় দলের খেলোয়াড়ও রয়েছে। কাগজে-কলমে জামালই এগিয়ে, তবে আমরা জেতার জন্যই মাঠে নামবো। আমরা আমাদের রক্ষণভাগ শক্ত করে খেলবো। আমরা মনে করি এ ম্যাচ জেতা সম্ভব তবে জেতার জন্য ভাগ্যের ছোঁয়াও লাগে।’
 
এদিকে ‘সি’ গ্রুপ থেকে ২ ম্যাচের দুটিতেই জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ব্রাদার্স ইউনিয়ন। ১ জয় ও ১ হার নিয়ে তাদের অনুসরণ করেছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। শিরোপাধারীদের এমন দশা হওয়ার কারণ গ্রুপের শেষ ম্যাচে ব্রাদার্সের কাছে ২-০ গোলের হার।
 
জামাল কোচ শফিফুল ইসলাম মানিক বলেন, ‘কোনও দলই তো হারতে চায় না, তবে গত ম্যাচের হারটি এমন সময় হয়েছে যাতে আমাদের ব্যাপক কোনও ক্ষতি হয়নি। কোয়ার্টার ফাইনাল খেলার আগে এ পরাজয় আমি মনে করি আমার দলের জন্য টনিক। কারণ খেলোয়াড়রা বুঝতে পেরেছে তারা অজেয় নয়, ভুল করলে হারের মুখ দেখতে হবে। তাই আমার বিশ্বাস আরামবাগের বিপক্ষে দল খেলবে সে খেলাটাই; যেটি তাদেরকে জয়ী হতে সাহায্য করবে।’
 
কোয়ার্টার ফাইনাল থেকে ফাইনাল পর্যন্ত সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে বিটিভি ওয়ার্ল্ড।