হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় মো. মঈনউদ্দীন রাজু (২৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। বুধবার সকাল আনুমানিক সাড়ে আটটার দিকে সদরের এগার মাইলস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এবং হযরত শাহ জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজু উপজেলা লালিয়ারহাটের মাঝির পাড়ার মো. আলমের পুত্র বলে জানা গেছে।
অপরদিকে, উপজেলার মনিয়া পুকুর পাড় এলাকায় সকাল সাড়ে দশটার দিকে কুণ্ডুলিয়ার ঘাটা নামক স্থানে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ড্রাইভার ওমর খান (৩২) মারাত্মকভাবে আহত হয়। স্থানীয়রা গুরুতর আহতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ওমর খান কক্সবাজারের রামু থানার রাজারকুলের মো. নূরুল ইসলামের পুত্র বলে জানা গেছে।
খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করে।
