জঙ্গি বিরোধী সাঁড়াশি অভিযানে গত এক সপ্তাহে চট্টগ্রাম নগরী ও জেলায় এক হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে জঙ্গি সন্দেহে আটক হয়েছে মাত্র তিনজন। এর মধ্যে দু’জন জেএমবি নেতা সিদ্দিকুল ইসলাম বাংলা ভাইয়ের সহযোগী এবং আরেকজন হিযবুত তাহরীর সদস্য বলে পুলিশ দাবি করছে।
গত বুধ ও বৃহস্পতিবার রাতে জেলার সীতাকুন্ড উপজেলার মসজিদ্দা ও চট্টগ্রাম নগরীর শেরশাহ এলাকায় অভিযান চালিয়ে এই তিনজনকে আটক করে পুলিশ। তিনজনের মধ্যে জুলফিকার আলী ও মো. আলাউদ্দিন নিষিদ্ধ সংগঠন জেএমবির সদস্য। তাদের বাড়ি সীতাকুন্ড উপজেলার মসজিদ্দা এলাকায়। এছাড়া কথিত হিযবুত তাহরীর সদস্য মহিবুল আলমকে নগরীর শেরশাহ এলাকা থেকে আটক করে রাউজান থানা পুলিশ। চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মোস্তাফিজুর রহমান জানান, সীতাকুন্ড উপজেলা থেকে গ্রেপ্তার হওয়া জুলফিকার ও আলাউদ্দিন জেএমবি নেতা বাংলা ভাইয়ের সহযোগী হিসেবে কাজ করতেন। তাদের বিরুদ্ধে নগরীর পাঁচলাইশ থানায় মামলা আছে। তারা পরে আনসার উল্লাহ বাংলা টিমে যোগ দেন।
রাউজান থানার ওসি কেফায়েত উল্লাহ জানান, গ্রেফতার মহিবুল আলম হিযবুত তাহরীরের কেন্দ্রীয় নেতা। উপজেলার ইয়াছিন নগর এলাকার বাসিন্দা হলেও তিনি নগরীর অক্সিজেন এলাকায় পরিবারসহ থাকতেন। বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শেষ বর্ষের ছাত্র মহিবুল ২০১৩ সালে একবার গ্রেফতার হয়েছিলেন। পরে জামিনে ছাড়া পেয়ে আবারও তিনি রাউজান ও বন্দরনগরীতে হিযবুত তাহরীরকে সংগঠিত করার কাজ শুরু করেন। মহিবুলকে গ্রেপ্তারের পর নগরীর অক্সিজেন ও রাউজানের ইয়াছিন নগরে তার বাড়িতে অভিযান চালিয়ে ৬৫০টি সরকার বিরোধী লিফলেট পাওয়া গেছে।
