বিনোদন রিপোর্ট
নিজের গান ও ক্যারিয়ারের খুঁটিনাটি সবকিছুই গুছিয়ে করতে পছন্দ করেন মেহরীন। তবে এবারে একেবারেই ভিন্ন একটা কাজের সাথে সম্পৃক্ত হলেন তিনি। না গানের বাইরে কিছু নয়, তবে একই অ্যালবামে প্রথমবারের মতো ৫টি রবীন্দ্রনাথের গান ও ৫টি নজরুলের গান নিয়ে একটি সংকলন প্রকাশ করলেন। নাম দিলেন ‘বন্ধুতা’।
কাজটি প্রসঙ্গে মেহরীন বলেন, ‘এটা মূলত অনেকদিনের একটি চাওয়া ছিল। সুধীন দার কাছে যখন তালিম নিতাম তখন তিনি প্রায় সময় আমাকে একটি কথা বলতেন যে, শোনো রবীন্দ্রনাথ আর নজরুলকে কখনো ভাগ করবে না। কারণ তারা ভীষণ ভালো বন্ধু ছিলেন। সেই থেকে একটি পরিকল্পনা ছিল যে, একটি অ্যালবামে দু’জনের গান নিয়ে আমি কাজ করবো। তাই কাজটি ভীষণ যত্নসহকারে তৈরি করেছি। সঙ্গত কারণেই নামটাও দিয়েছি বন্ধুতা।’
এ সময়টি এখন আর সিডি বা যুথবদ্ধ গানের অ্যালবামের নয়। তবুও ‘বন্ধুতা’ অ্যালবাম দিয়ে নিজের এই সিগনেচার রাখতে চান। আর এই গানগুলোর সকল আপডেট মেহরীনের অফিসিয়াল পেজেই পাওয়া যাবে বলে জানান তিনি।
এছাড়া নিয়মিত স্টেজে পারফর্ম করছেন মেহরীন। চলছে নিজস্ব মিউজিশিয়ানদের সাথে নিয়মিত প্র্যাকটিস। নতুন শোয়ের খবর জানতে চাইলে বলেন, ‘এবারের বসন্ত উত্সবের একটি দারুণ কনসার্টে অংশ নেবো আগামী ২৩ মার্চ কলকাতায়। কলকাতার কৃষ্ণনগর সরকারি কলেজ মাঠে এই আয়োজনটি হবে। তাই সেই প্রস্তুতিই চলছে।’
মেহরীন আন্তর্জাতিক তারকাদের মতোই নিজের লাইফস্টাইল ও ক্যারিয়ারগ্রাফটিও মেনে চলেন। বাংলাদেশে একমাত্র পপ সিঙ্গার তিনিই, যার নিয়মিত নিউজ লেটাররে মাধ্যমে নিজের ওয়ার্ক শিডিউলসহ মেসেজ পৌঁছে দেওয়ার চেষ্টা করেন।
খুব শিগগিরই একাধিক ডিজিটাল প্লাটফর্মে নিয়মিত গান ও আপডেটস দেওয়ার জন্য আলাদাভাবে কাজ করবেন বলে জানান বাংলাদেশের এই পপডিভা।
