সাতক্ষীরায় জেএমবি সদস্যসহ আটক ৩৭

আপডেট : ১৮ জুন ২০১৬, ১১:৫১
সাতক্ষীরায় পুলিশের চলমান অভিযানে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির এক সদস্য এবং জামায়াত-শিবিরের সাত কর্মীসহ ৩৭ জনকে আটক করা হয়েছে।
 
শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক জেএমবি সদস্য মনোয়ার হোসেন উজ্বল জেলা শহরের ইটাগাছা এলাকার মনির উদ্দীনের ছেলে। প্রসঙ্গত, তিনি ২০০৫ সালে জেএমবি সম্পৃক্ততার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন। বর্তমানে তিনি জামিনে মুক্ত রয়েছেন। 
 
পুলিশ জানায়, আটকদের নামে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
 
সাতক্ষীরা জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, সাতক্ষীরা সদর থানায় ১০ জন, কলারোয়ায় ছয়জন, তালায় চারজন, কালিগঞ্জে পাঁচজন, শ্যামনগরে দুইজন, আশাশুনিতে পাঁচজন, দেবহাটায় তিনজন ও পাটকেলঘাটায় দুইজনকে আটক করা হয়েছে।
 
উল্লেখ্য, নয় দিনে এ জেলায় পুলিশের অভিযানে মোট চার শ ১৮ জন  আটক হয়েছে।