চট্টগ্রামে জঙ্গি বিরোধী অভিযানে ২৪ ঘণ্টায় ২৬০ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত নগরী ও জেলার ১৬ থানায় এ অভিযান চালানো হয়।
এদের মধ্যে জামায়াত-শিবিরের দুই কর্মী থাকলেও জঙ্গি সন্দেহে কেউ আটক হয়নি বলে পুলিশ সূত্র নিশ্চিত করেছে। অভিযানে একটি এলজি বন্দুকসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
এর মধ্যে নগরী থেকে ১০১ জন এবং জেলার ১৬ থানা থেকে ১৫৯ জনকে আটক করা হয়েছে।
নগর পুলিশের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ১০১ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে বিশেষ অভিযানে ৪০ জনকে আটক করা হয়েছে। অভিযানকালে ৩ হাজার ৬৮৫ পিস ইয়াবা, ২ কেজি গাঁজা, ১০০ লিটার চোলাই মদ, ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এছাড়াও ৩টি ছুরি, ১টি রেঞ্চ, ১টি স্ক্রু ডাইভার, ১টি টর্চলাইট উদ্ধার করা হয়।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) রেজাউল মাসুদ জানান, জেলার ১৬ থানায় অভিযান চালিয়ে ১৫৯ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে জামায়াত-শিবিরের দুই কর্মী, ওয়ারেন্টভুক্ত ১২৪ জন আসামি, পুলিশ আইনে ৩ জন এবং অন্যান্য ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে।’
অভিযানে একটি এলজি বন্দুক, ১ হাজার ৮৩ পিস ইয়াবাসহ কিছু গাঁজা উদ্ধার করা হয় বলে জানান ওই পুলিশ সুপার।
