মিঠাপুকুরে ১৫ লাখ টাকা মূল্যের পলিথিন জব্দ, চারজনের অর্থদণ্ড

আপডেট : ১৮ জুন ২০১৬, ১৪:৪৩
রংপুরের মিঠাপুকুর উপজেলায় ১৫ লাখ টাকা মূল্যের ছয় হাজার এক শ ৬৪ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। পরে আটক চার পলিথিন ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক তাদের এক লাখ টাকা অর্থদণ্ড দেয়।  
 
শনিবার উপজেলার শঠিবাড়ী বন্দর থেকে এসব পলিথিন উদ্ধার করে (র‌্যাব) র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান। দণ্ডপ্রাপ্তরা হলেন, আব্দুল কাদের, মুরাদ হাসান, মোতালেব হোসেন ও সেকেন্দার হোসেন বুলু।
 
র‌্যাব জানায়, মিঠাপুকুরের শঠিবাড়ী বন্দরে দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধ পলিথিনের ব্যবসায় করে আসছেন। শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে আইন শৃঙ্খলা বাহিনী অভিযান পরিচালনা করে। এ সময় ওই চার ব্যবসায়ীর গুদামঘর থেকে এসব পলিথিন জব্দ করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মামুন-অর-রশীদের ভ্রাম্যমাণ আদালতে তাদের হাজির করা হয়। ব্যবসায়ী আব্দুল কাদেরকে ৩০ হাজার, মুরাদ হোসেনকে ২০ হাজার, মোতালেব হোসেনকে ২৫ হাজার ও সেকেন্দার হোসেন বুলুকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।