কুমিল্লায় গত ৬ মাসে ৬০ কোটি ৬৪ লাখ ২৮ হাজার ৫৮৩ টাকা মূল্যের মাদকদ্রব্যসহ চোরাচালানের মালামাল আটক করেছে বিজিবি।
শনিবার দুপুরে বিজিবি কুমিল্লা সেক্টর সদর দপ্তরে আয়োজিত এক প্রেস বিফ্রিংয়ে বিজিবি কুমিল্লার সেক্টর কমান্ডার কর্নেল গাজী মো. আহসানুজ্জামান এ তথ্য জানান।
এ সময় সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর মো. নাহিদুজ্জামান উপস্থিত ছিলেন।।
প্রেস বিফ্রিংয়ে জানানো হয়, ফেনী থেকে কুমিল্লা হয়ে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল পর্যন্ত কুমিল্লা সেক্টরের পরিধি। এ সেক্টরের অধীনে ৩০৮ কিলোমিটার সীমান্তের মধ্যে স্থল সীমান্ত রয়েছে ২৮৩ কিলোমিটার এবং জল সীমান্ত রয়েছে ২৫ কিলোমিটার। গত ১ জানুয়ারি থেকে ১৫ জুন পর্যন্ত সময়ে সেক্টরের অধীন বিভিন্ন এলাকা থেকে ব্যাটালিয়নের সদস্যরা মোট ৬০ কোটি ৬৪ লাখ ২৮ হাজার ৫৮৩ টাকার মাদকদ্রব্যসহ অন্যান্য মালামাল আটক করে। এ সময় চোরাচালানে জড়িত অভিযোগে ২৬০ জনকে আটক করা হয়েছে। এদিকে গত বৃহস্পতিবারও কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সালুকিয়া এলাকা থেকে সেক্টর সদর দপ্তরের একটি দল ১৬ কোটি ৩৭ লাখ ৯১ হাজার ৩০০ টাকার মালামাল আটক করে বিজিবি।
