শিবগঞ্জে ১ কিমি রাস্তার জন্য ২০ হাজার লোকের ভোগান্তি

আপডেট : ১৯ জুন ২০১৬, ০২:১০
শিবগঞ্জে মাত্র ১ কিলোমিটার রাস্তার জন্য প্রায় ২০ হাজার মানুষ চরম ভোগান্তির শিকার বলে জানা গেছে। সরেজমিন ঘুরে দেখা যায় উপজেলার মনাকষা বাজারের উত্তরে খড়িয়াল গ্রামের পূর্ব প্রান্ত হতে সলিম ন্যাড়ার বাড়ি হয়ে পারচৌকা গ্রামের বীরেন মোড় পর্যন্ত এক কি.মি. রাস্তার বেহাল দশা। এ রাস্তা দিয়ে ১০ গ্রামের বিভিন্ন পেশার প্রায় ১৫/২০ হাজার লোক যাতায়াত করে।  ১০/১২টি  শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের প্রতিদিন এ রাস্তা দিয়েই যাতায়াত করতে হয়। মাত্র ১ কিলোমিটার রাস্তায় ছোট-বড় প্রায় শ’খানেক গর্তের সৃষ্টি হয়েছে। তাছাড়া এ রাস্তার মাঝে চকের নদীর উপর পুটির গাটের ব্রিজটির অবস্থা আরো নাজুক। ব্রিজটির দু’পাশের হেরিং করা ইটগুলো স্থানীয়রা চুরি করে নিয়ে গেছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান। তাছাড়া ব্রিজের দু’পাশের প্রতিরোধ প্রাচীর ধসে গেছে। ফলে সামান্য বৃষ্টি হলেই রাস্তা দিয়ে যাতায়াত বন্ধ হওয়ার উপক্রম হয়। স্থানীয়রা জানান, এ রাস্তাটুকু মেরামতের জন্য দীর্ঘ ১০ বছর ধরে ইউপি মেম্বার, চেয়ারম্যান, এলজিইডি অফিসসহ বিভিন্ন দপ্তরে একাধিকবার বলা হলেও কোন লাভ হয়নি।
 

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন বলেন, বেশ কয়েকবার এলজিইডি প্রকৌশলী ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অনুরোধ জানিয়েও কোন কাজ হয়নি। উপজেলা প্রকৌশলী মোঃ মোকবুল হোসেন জানান, বরাদ্দ না থাকায় রাস্তা মেরামত করা সম্ভব হচ্ছে না। তবে বরাদ্দ আসলে জরুরি ভিত্তিতে ঐ রাস্তা মেরামত করা হবে।