শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলায় গত শুক্রবারের আকস্মিক পাহাড়ি ঢলে বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত অবস্থায় রয়েছে। ঢলের পানিতে আমন বীজতলাসহ নিম্নাঞ্চলের বিভিন্ন শাক-সবজি ক্ষেতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সীমান্তের ওপার থেকে নেমে আসা ঢলের পানিতে মহারশী নদীর দীঘিরপাড়, জিগাতলা, রামেরকুড়া, চতল ও সোমেশ্বরী নদীর ঢলের পানিতে দুপুরিয়া, বিদামপুর এবং কালঘোষা নদীর পানিতে ফুলহারী, গান্ধিগাঁও প্রভৃতি স্থানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে প্রবলবেগে ঢলের পানি প্রবাহিত হয়। ঢলের পানিতে উপজেলার নিম্নাঞ্চলের উঠতি পাট, শাক-সবজির ক্ষেত ও আমন বীজতলা তলিয়ে গেছে। ঢলের পানির তোড়ে সুরিহারা-লংকেশ্বর সড়কের চিংড়ি খালের নিকট সড়ক ভেঙে গেছে। ফলে এ সড়কে চলাচল বন্ধ হয়ে গেছে। ঝিনাইগাতী উপজেলা কৃষি অফিসার মো. কোরবান আলী জানান, ঢলের পানিতে নিম্নাঞ্চলের আমন বীজতলাসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ফসলের ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে। ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম রেজা পাহাড়ী ঢলের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে এসে জানান, উজানে ঢলের পানি কমতে শুরু করলেও নিচু এলাকা প্লাবিত হয়েছে।
