নাটোরের নলডাঙ্গায় ইফতার খাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হয়েছেন।
শনিবার রাত সাড়ে আটটার দিকে পৌরসভার পূর্বসোনাপাতিল মহল্লায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতরা হলেন- আজিজুল ইসলাম (২৮), সিরাজুল ইসলাম (৩০), আশরাফুল ইসলাম (২৪), নুর জাহান (৭০), সানজিদা (২২), খাদিজা (২৩), সায়েদ (৩৫), মনছুর রহমান (৫০), শামিম হোসেন (২৬), রাজু (১৬), সাবানা (৩২), রহিমা (৩৫) ও সুন্দরী বেগম (৩৬)।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত ওয়াজেদ আলী খান জানান, ইফতার খাওয়া নিয়ে সন্ধ্যা ৭ টার সময় পৌর এলাকার পূর্ব সোনাপাতিল মহল্লার জামে মসজিদে খয়ের উদ্দিনের ছেলে নজরুল ইসলামের সঙ্গে প্রতিবেশী মনছুর রহমানের ছেলে রাজুর কথা কাটাকাটি হয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে হাতা-হাতির ঘটনা ঘটে।
পরে রাত সাড়ে আটটার দিকে ওই ঘটনার জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে উভয় পক্ষের ১৩ জন আহত হয়। আহতদের মধ্যে ৮ জনকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
এই ঘটনায় রাত পৌনে ১০টায় উভয় পক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছে বলে পুলিশ জানিয়েছে।
