মাত্র ১২ বছর বয়সে উচ্চমাধ্যমিক পাস করে বা আইকিউ টেস্টে সর্বোচ্চ নম্বর অর্জন করে বিশ্বজুড়ে হৈ চৈ ফেলেছেন অনেকে। কিন্তু তাই বলে এই টুকুন বয়সেই অ্যাপ ডেভলপার হয়ে উঠা কি সম্ভব? খুবই সম্ভব? ভারতীয় বংশোদ্ভূত কানাডার তন্ময় বক্সিই এর উদাহরণ, যে বর্তমান বিশ্বের কনিষ্ঠতম অ্যাপ ডেভলপার।
আইটি নগরী বেঙ্গালুরুতে আইবিএমের এক অনুষ্ঠানে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছে তন্ময়, যা শোনার পর তন্ময়ের প্রতিভা সম্পর্কে হতবাক আইবিএমের উপস্থিত কর্মীরা। এই মুহূর্তে টুইটারে সবথেকে ট্রেন্ডিং ট্যাগের নামও এই তন্ময় বক্সি।
মাত্র পাঁচ বছর বয়সেই প্রোগ্রামার হিসেবে বেশ নামডাক শুরু হয় বক্সির। পায় স্বীকৃতিও। আর মাত্র ন’বছর বয়সেই অ্যাপলের জন্য অ্যাপ বানিয়ে ফেলে চতুর্থ শ্রেণির এই কীর্তিমান। কিন্ডারগার্টেনে পড়ার সময়ই অ্যাপ তৈরি করে তন্ময়।
তথ্যপ্রযুক্তি সম্পর্কে জ্ঞান শুধু নিজের মধ্যেই রাখতে চায় না তন্ময়। সকলেই যাতে তা জানতে পারে, সে উপায়ও বাতলেছে ১২ বছরের খুদে। কিছুদিন আগেই নিজের তথ্যপ্রযুক্তি জ্ঞানের কথা বইবন্দি করেছে তন্ময়। এমনকি, সেখানে সইও রয়েছে বিগ বি অমিতাভ বচ্চনের, যা ওই খুদের কাছে অন্যতম স্মরণীয় ঘটনা। ভবিষ্যতে এ রকমই আরও নজির গড়তে চায় তন্ময়। সূত্র- এনডিটিভি।
