ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের ফেনীর ফতেহপুর রেলগেইটে লেবেল ক্রসিংয়ের সংস্কার কাজ রবিবার সকাল ১১টা থেকে শুরু হয়েছে। ফতেহপুরে রেল ক্রসিং দিয়ে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে এ সময় বিকল্প পথে মহাসড়কের সীমিত পরিবহন চলাচল করছে।
ফেনী রেলওয়ে কর্তৃপক্ষ ও ট্রাফিক পুলিশ বিভাগ জানায়, রবিবার সকাল ১১টা থেকে ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের ফেনীর ফতেহপুর রেলগেইটে লেবেল ক্রসিংয়ের সংস্কার কাজ শুরু হয়েছে। সংস্কার কাজ ৩ ঘণ্টার মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও বেশি সময় লাগতে পারে বলে জানান রেলওয়ে কর্তৃপক্ষ। এসময় ফতেহপুর রেলক্রসিং এলাকায় সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে বিকল্প পথে মহাসড়কের হালকা যানবাহন চলছে।
রেলওয়ের ঠিকাদারী প্রতিষ্ঠান ম্যাক্সের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি মো. নাসিম জানান, ৩ ঘণ্টার মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও তবে বেশি সময়ও লাগতে পারে। পুরাতন লাইন তুলে নতুন লাইন বসানো হচ্ছে।
ফেনী ট্রাফিক পুলিশ পরিদর্শক মীর গোলাম ফারুক জানান, ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের ফেনীর ফতেহপুর রেলগেইটে লেবেল ক্রসিংয়ের সংস্কার কাজের জন্য সব যানবাহন চলাচল বন্ধ থাকবে। তবে এসময় বিকল্প পথে মহাসড়কের সীমিত আকারে হালকা যানবাহন চলাচলের জন্য পরিবহন মালিক ও শ্রমিকদের অনুরোধ জানানো হয়েছিল।
