নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় খ্রিস্টান ব্যবসায়ী সুনীল গমেজ হত্যাসহ সারা দেশে গুম, খুন ও গুপ্তহত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার সকাল ১১টার দিকে নাটোর-পাবনা-কুষ্টিয়া মহাসড়কের উপজেলা ১৪ দলীয় জোটের ব্যানারে বনপাড়া বাজারে এই মানবন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনকালে জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আবুল কালাম আযাদ, জয় বাংলা সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার, আওয়ামী লীগ নেতা আব্দুস সোবহান প্রামাণিক, জাসদ নেতা আব্দুল করিম, ন্যাপ (মোজাফ্ফর) নেতা আব্দুর রহিম খাঁ ও আব্দুল জলিল প্রামাণিক, উপজেলা তৃণমুল আওয়ামীলীগের সভাপতি ডা. ফেরদৌস আলম প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, সুনীল গমেজ হত্যায় আইএসের জড়িত থাকার বিষয়টি কাল্পনিক। স্থানীয় মাদকসেবী একটি প্রভাবশালী মহল এই ঘটনার সাথে জড়িত থাকতে পারে। প্রশাসন ঢিলেঢালা চলায় এই হত্যার রহস্য উদঘাটন হচ্ছে না। এসময় তারা অবিলম্বে সুনীল গমেজের খুনীদের গ্রেফতার ও সারা দেশে গুপ্তহত্যার বন্ধে প্রশাসনের কার্য্যকর উদ্যোগ নেয়ার দাবি জানান।
