মেসিদের কাছে হেরেও গর্বিত ভেনেজুয়েলা কোচ

আপডেট : ১৯ জুন ২০১৬, ১৬:০৮
আর্জেন্টিনার কাছে ৪-১ গোলে হেরেও ভেনেজুয়েলা কোচ রাফায়েল দুদামেলের গর্বিত বোধ করছেন। কোপা আমেরিকায় নিজেদের পথ চলা থেমে গেলেও বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে শিষ্যদের পারফরম্যান্সে গর্বিত তিনি।
 
ফক্সবরোর জিলেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রবিবার ভোরে কোয়ার্টার-ফাইনালে মেসি-হিগুয়াইন জাদুতে ভেনেজুয়েলাকে ৪-১ গোলে হারায় আর্জেন্টিনা। প্রথমার্ধে জোড়া গোল করেন গঞ্জালো হিগুয়েইন। দ্বিতীয়ার্ধে লিওনেল মেসি আর এরিক লামেলার গোলে বড় জয় নিশ্চিত হয় কোপা আমেরিকার ১৪ বারের চ্যাম্পিয়নদের।
 
অজেয় থেকে গ্রুপ পর্ব পেরিয়ে সেরা আটে উঠে আসা ভেনেজুয়েলার কোচ দুদামেল ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় আর্জেন্টিনাকে প্রশংসায় ভাসান। যোগ্য দল হিসেবে আমরা বিশ্বের সেরা দলের (আর্জেন্টিনা) বিপক্ষে আজ খেলতে নেমেছিলাম। এমন দলের বিপক্ষে ভুল করা পাপ। এটা করলে তারা ক্ষমা করবে না এবং আপনাকে তা মেনে নিতে হবে।
 
পরাজয়টা মেসিদের কাছে বলেই দুদামেলকে সেটা সেভাবে পোড়াচ্ছে না; বরং ৪৩ বছর বয়সী এই কোচ শিষ্যদের পারফরম্যান্সে খুশি। অবশ্যই যে শেষটা আমরা চেয়েছিলাম বা কল্পনা করেছিলাম, এটা সেটা নয়; কিন্তু আমরা এমন একটা প্রতিপক্ষের মুখোমুখি হয়েছিলাম, যারা র‌্যাঙ্কিংয়ে সবার ওপরে।
 
কোপা আমেরিকা থেকে বিদায় নিলেও দুদামেল মনে করেন, তার দল যুক্তরাষ্ট্র থেকে অনেক ভালো কিছু নিয়ে ফিরছে। এখন সময় একটু ঠাণ্ডা হওয়ার, একটু ভাবার, বিশ্লেষণ করার, ম্যাচের দিকে আবারও ফিরে তাকানোর। আমি নিশ্চিত, অনেক ভালো কিছু আমরা খুঁজে পাব। সূত্র-  ফোর ফোর টু