ছিনতাই করে পালানোর সময় আটক ৩

আপডেট : ১৯ জুন ২০১৬, ১৭:৩৭
উপজেলার দেবীতলা এলাকা থেকে ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালানোর সময় রবিবার দুপুর ১২টার দিকে জনতার হাতে ৩ ছিনতাইকারী আটক হয়েছে।
 
এ সময় ছিনতাইকরীদের চাপাতির আঘাতে সুমন নামে এক যুবক আহত হন। পুলিশ ১টি মোটরসাইকেলসহ দুটি চাপাতি উদ্ধার করেছে।
 
থানার ওসি (তদন্ত) এনামুল হক বলেন, বিকাশ ব্যবসায়ী সুমন মোটরসাইকেলে ৫০ হাজার টাকা নিয়ে দাকোপ উপজেলার উদ্দেশ্যে রওনা হন। অন্য মোটরসাইকেলে সাচিবুনিয়ার হানজালা (৩২), বাবুল (৩০) ও খালিশপুর এলাকার রিয়াসাত আনোয়ার অরি (২৫) নামে তিন ছিনতাইকরী তাকে অনুসরণ করে। বটিয়াঘাটা দাকোপগামী রাস্তার দেবীতলা নামক স্থানে ফাঁকা জায়গায় পৌঁছালে সুমনকে চাপাতি দিয়ে আঘাত করে। সে মাটিতে পড়ে গেলে টাকা নিয়ে খুলনা অভিমুখে রওনা হয়। বটিয়াঘাটা বাসস্ট্যান্ডে পুলিশ তাদের বাধা দেয়ার চেষ্টা করে। পরে ধাওয়া করলে তারা শোলমারী খেয়াঘাটের নিকট জনতার হাতে আটক হয়। সুমনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।