কায়েদ-উয-জামান
পানপাতা দেখতে সবুজ, হূদপিণ্ডাকৃতির। আমাদের দেশে বিভিন্ন জাতের স্বাদুপানের ব্যাপক চাষ হয়। খাওয়াদাওয়ার পর পান চিবুনো অনেকেরই আয়েশি অভ্যাস। ভোজের পরে বিভিন্ন সুগন্ধী মসলা সহযোগে পান খাওয়ার রীতি আমাদের উত্সব ও মজলিসের একটি ঐতিহ্যগত বিষয়।
পানের স্বাস্থ্যগত গুণ অনেক। পানে রয়েছে ভিটামিন ‘সি’, থায়ামিন, নিয়াসিন, রিবোফ্লাভিন এবং ক্যারোটিন উপাদান—যা স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। পান ক্যালসিয়ামেরও ভালো উত্স। প্রতি ১০০ গ্রাম পানে আর্দ্রতা ৮৫.৪%, শর্করা ৬.১%, প্রোটিন ৩.১%, ফ্যাট ০.৮%, খনিজ উপাদান ২.৩% এবং আঁশ ২.৩% বিদ্যমান। এছাড়াও পানে ট্যানিন এবং অন্যান্য কিছু রাসায়নিক উপাদান থাকে। সাম্প্রতিক এক গবেষণাতথ্যে জানা যায়, পান অ্যান্টিঅক্সিডেন্টধর্মী এবং ক্যান্সারের জন্য দায়ী মুক্তযৌগকে প্রতিহত করতে পারে। পানে শেভিকল নামে যে ফেনল উপাদান থাকে তা অ্যান্টিসেপটিক। পানে অ্যারাকিন নামের অ্যালকালয়েড কোকেনের মতো কাজ করে। পান কৃমিনাশক। বিভিন্ন ধরনের ব্যথা ও প্রদাহ কমাতে পান ব্যবহূত হয়। স্নায়ু দুর্বলতায় পানপাতার রস মধুসহ খেলে টনিকের মতো কাজ করে। পানের রস মুত্রবর্ধক। এছাড়াও দাঁতব্যথা, কাশি, ব্রঙ্কাইটিস, মুখের দুর্গন্ধ এড়াতে, অ্যাজমা, গলক্ষত প্রভৃতির ঘরোয়া চিকিত্সায় পানের পাতা ব্যবহার হয়ে থাকে।
অতিরিক্ত পান খাওয়া অনুচিত। বিশেষত পানের সঙ্গে জর্দা-তামাক সেবন ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। আবার পান খেয়ে চিবুনো পানের রস যেখানে সেখানে ফেলে পরিবেশ নষ্ট করা কোনোভাবেই কাম্য নয়।
