বিশ্ব ইতিহাসে বর্তমানে রেকর্ড সংখ্যক শরণার্থী রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংঘাতকে কেন্দ্র করে বর্তমানে বিশ্বে ৬ কোটি ৫০ লাখ শরণার্থী রয়েছে বলে এক হিসেবে জানিয়েছে আন্তর্জাতিক সংস্থাটি। শুধু ২০১৫ সালেই নতুন করে যোগ হয়েছে ৫ লাখ শরণার্থী। এদের মধ্যে কেউ হয়ত যুদ্ধের কারণে পালিয়ে এসেছে, কেউ এসেছে জীবিকার তাগিদে আবার অন্য কোনভাবেও নিজ আবাসস্থল ছেড়েছেন অনেকে।
জাতিসংঘ তার পরিসংখ্যানে জানায়, বর্তমানে বিশ্বে প্রতি ১১৩ জন মানুষের মধ্যে একজন শরণার্থী। এদিকে ইউরোপের 'ভিনদেশি সম্পর্কে আতঙ্ক' শরণার্থী সমস্যা মোকাবেলার অন্তরায় হিসেবে কাজ করছে বলে জানান জাতিসংঘের রিফুজি প্রধান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বর্তমানে মানুষের স্থানান্তরকে অনেক অধিকার সংগঠন সমর্থন করলেও অভিবাসন বিমুখ কিছু নীতিরও জন্ম দিচ্ছে।
বিশ্ব শরণার্থী দিবসে জাতিসংঘ জানায়, প্রথমবারের মত ৬ কোটি ছাড়িয়ে গেল শরণার্থীর সংখ্যা। এর মধ্যে অর্ধেকই এসেছে সিরিয়া, আফগানিস্তান ও সোমালিয়ার মত যুদ্ধরত দেশ থেকে। বিবিসি।
